ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচে জয়হীন কাটানো আর্সেনাল অবশেষে জয়ে ফিরেছে। শনিবার রাতে ৩-১ গোলে চেলসিকে হারিয়েছে তারা। সময়ের হিসেবে প্রায় দু’মাস পর লিগে জয় পেল গানার্সরা। একই রাতে অপর ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে।
খাদের কিনারায় পৌঁছে যাওয়া অবস্থা থেকে অবশেষে ঘুরে দাঁড়াল আর্সেনাল। চেলসির বিপক্ষে নামার আগের ৭ ম্যাচে পাঁচটিতে হার, দুটি ড্র ছিল আর্সেনালের। সবশেষ জয়টি ছিল ১ নভেম্বর, ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল তারা ১-০ গোলে। শনিবার এমিরেটস স্টেডিয়ামে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গানার্সদের এগিয়ে নেন ফরাসি স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজেত। ৪৪ মিনিটে ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলবেনীয় মিডফিল্ডার গ্রানিত জাকা। ৫৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান ইংলিশ মিডফিল্ডার বুকায়ো সাকা। ৮৫ মিনিটে চেলসির সান্ত¡নাসূচক গোলটি করেন টামি আব্রাহাম। ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বিবিসিকে বলেন, ‘আজকের প্রধান বিষয় হলো ম্যাচের ফলাফল। সত্যিই আমাদের এই জয়টি দরকার ছিল। গত আট সপ্তাহ ধরে ফল নিয়ে আমরা খুব দুর্ভাগ্যের শিকার ও হতাশ হয়েছি। তাই এটি আমাদের জন্য দারুণ একটি দিন।’
ইতিহাদে ম্যাচের ১৪ মিনিটে ইল্কায় গুন্ডোগান এবং ৫৫ মিনিটে ফেরান টরেসের গোলে নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির জয়। জয়ের পর সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‘এই মৌসুমে (লিগে) সবারই (ম্যাচে) অদ্ভুত ফলাফল হচ্ছে। ভালো ও খারাপ মিলিয়ে যাচ্ছে মৌসুম। আমার মনে হয় আমরা দিন দিন উন্নতি করছি।’
একদিন পরই আজ ফের মাঠে নামছে চেলসি, ম্যানসিটি। নিজেদের মাঠে চেলসি খেলবে অ্যাস্টনভিলার বিপক্ষে। ম্যানসিটির ম্যাচ এভারটনের মাঠে। এই এভারটন শনিবার শেফিল্ডকে ১-০ গোলে হারিয়ে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লেস্টার। ১৪ ম্যাচ খেলে ২৭ ও ২৬ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে ম্যানইউ ও ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা চেলসি ২৫ পয়েন্টে সাতে। আর্সেনাল ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে।
