ঘনিয়ে আসছে চট্টগ্রামের সাত পৌরসভা নির্বাচন। এসব পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন বা টিকিট পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সংশ্লিষ্ট পৌরসভার মনোনয়নপ্রত্যাশী প্রায় অর্ধশত আওয়ামী লীগ নেতা। সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ ইতিমধ্যে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এবার মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রে গিয়ে তদবির শুরু করেছেন।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তরের মিরসরাই, রাউজান, বারইয়ারহাট এবং দক্ষিণের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী পৌরসভার প্রায় ৪১ জনের নামের তালিকা জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের পাঠানো তালিকায় ঠাঁই না পাওয়ায় প্রায় একাধিক মনোনয়নপ্রত্যাশী নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে মনোনয়ন প্রত্যাশার কথা লিখিত বা মৌখিকভাবে জানিয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম দেশ রূপান্তরকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট উপজেলা বা পৌরসভা আওয়ামী লীগের পাঠানো তালিকা অনুসরণ করেছি। কেন্দ্র থেকেই পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে। এখানে আমাদের কোনো হাত নেই। তবে যোগ্য প্রার্থীরা মনোনয়ন পাবে এটাই আমাদের প্রত্যাশা।
একইভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পৌরসভার মেয়র পদে দলীয় যোগ্য প্রার্থীর দরকার। এখন তো সবাই পদ পেতে চায়। কেউ কাউকে মানতে নারাজ। মনোনয়নপ্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছে। দল যাকে মনোনয়ন দেবে তাকেই আমরা জয়ী করতে মাঠে নামব। এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতা জানান, জেলা আওয়ামী লীগ নেতা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা পাঠানো হয়েছে। সামনে মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা নিয়ে আলোচনা হবে। তবে দলীয় মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। যারা পৌরসভার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী প্রায় সবারই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যোগ্য প্রার্থীদেরই দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে।
কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, চট্টগ্রামের এই সাত পৌরসভায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে যোগ্য আওয়ামী লীগ নেতা, নারী নেত্রী, ব্যবসায়ী যেমন আছে, তেমনি প্রবাসী আওয়ামী লীগ নেতার নামও তালিকায় রয়েছে বলে জানা গেছে। জেলা আওয়ামী লীগ নেতা কেন্দ্রে পাঠানো তালিকার মধ্যে শুধু রাউজান পৌরসভায় একক প্রার্থী (উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ) রয়েছেন। তবে এ পৌরসভায় মনোনয়নপ্রত্যাশী বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা দেবাশীষ পালিতও ফের মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন। বাকি ছয় পৌরসভায় একাধিক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এর মধ্যে মিরসরাই পৌরসভায় নয়, বারইয়ারহাট পৌরসভায় আট, পটিয়া পৌরসভায় চার, চন্দনাইশ পৌরসভায় সাত, সাতকানিয়া পৌরসভায় তিন ও বাঁশখালী পৌরসভায় নয়জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতার নামের তালিকা পাঠানো হয়েছে।
