যৌথ প্রযোজনায় নির্বাচনী সার্কাস চলছে : রিজভী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০১:৫০ এএম

সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ প্রযোজনায় এখন ‘নির্বাচনী সার্কাস’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নিশিরাতের ভোটের সরকার ও বেহায়া নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় এখন চলছে নির্বাচনী সার্কাস। আগের রাতে ভোট হয়, ভোটাররা ভোটকেন্দ্রে যায় না। তারপরও সরকার ও কমিশনের বয়ান একই যে ভোট সুষ্ঠু হয়েছে। তারা এ বয়ানটি পূর্বেই টাইপ করে রাখে।’ গতকাল রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘বাংলাদেশসহ সারাবিশ্ব জানে যে, বাংলাদেশে ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতেই হয়েছে। গণমাধ্যমসহ সব মাধ্যমে তা প্রকাশিত হলেও সরকারের ভাঁড়প্রধান নির্বাচন কমিশনার এখনো নির্লজ্জ মিথ্যাচার করছেন। এই ইসির অধীনে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ইসির অপকর্মের শাস্তির যে দাবি নাগরিক সমাজ করেছে তা এড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ আওয়ামী নেতারা গায়ের জোরে সত্যকে চাপা দিতে চাচ্ছে। গণতন্ত্র ধ্বংসে নব্য বাকশালি সরকার ও তাদের মোসাহেব নির্বাচন কমিশনের অপকর্ম শয়তানকেও টপকে গেছে। এ অপকর্মের বিচার একদিন হবেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত