নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. তোতা মিয়া (৪৫) নামে শ্রমিক লীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ১ নং বালুমহালের আগার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তোতা মিয়া উপজেলার বালিকান্দি গ্রামের হাসান আলীর ছেলে ও শ্রমিক লীগ দুর্গাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া একইদিন সকালে গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাথী বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল সকাল ১০টার দিকে সড়ক মেরামত কাজের তদারকি করছিলেন তোতা মিয়া। একপর্যায়ে মেরামতের কাজে ব্যবহৃত একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সাহারবাজারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সাথী বেগম। পথে গাইবান্ধা-সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের বড় জামালপুর তালেবের চাতাল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন সাথী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
