কলকাতা বইমেলা স্থগিত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৩:০৪ এএম

করোনা পরিস্থিতির কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার এক বিবৃতিতে মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং বইমেলা আয়োজনের পরিবেশ সৃষ্টি হলে পরে এ মেলার আয়োজন করা হবে।’

আয়োজক সংস্থা জানায়, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, জেনিভা প্রকাশিত বইমেলা ক্যালেন্ডার অনুসারে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল, আগামী বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করার। পরিবর্তিত পরিস্থিতিতে তা ওই সময়ে করা সম্ভব হচ্ছে না।

ত্রিদিব বলেন, ‘করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের ওপর বিধিনিষেধ রয়েছে। রাজ্যের স্কুল-কলেজ বন্ধ। এরই মধ্যে অনেক ইউরোপীয় দেশ দ্বিতীয় দফার কঠোর লকডাউন ঘোষণা করেছে। আন্তর্জাতিক বইমেলার আয়োজক হিসেবে আমরা খবর পেয়েছি, লন্ডন, আমেরিকা, প্যারিসের আন্তর্জাতিক বইমেলাগুলোও নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এখন পিছিয়ে দিতে বাধ্য হলেও পরিস্থিতি অনুকূলে এলে কলকাতা বইমেলা ২০২১ সালের কোনো এক সময়ে আয়োজন করা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত