‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ নিয়ে শঙ্কা কাটল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০২:৩৫ পিএম

আনুষ্ঠানিকভাবে জানা গেল, তৃতীয় ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরবেন ডায়না প্রিন্সেস। প্রেক্ষাগৃহের সঙ্গে একই দিন ওটিটি রিলিজ নিয়ে বেঁকে বসেন পরিচালক প্যাটি জেনকিনস। সেই প্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করলো প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস।

ভ্যারাইটি জানায়, গল গাডট অভিনীত সুপারহিরো ট্রিলজির শেষ কিস্তিতে লেখক ও পরিচালক হিসেবে থাকছেন জেনকিনস।

বড়দিনে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি পায় এ ডিসি সুপারহিরোইনের দ্বিতীয় সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। পাশাপাশি ওয়ার্নার ব্রস ঘোষণা দেয় আগামী বছরের সব সিনেমা একই প্রক্রিয়ায় মুক্তি পাবে। এ নিয়ে হলিউডের নির্মাতাদের মাঝে তুমুল প্রতিক্রিয়া শুরু হয়। প্যাটি জেনকিনস এক সাক্ষাৎকারে জানান, এই সিদ্ধান্তে ওয়ার্নার ব্রস অটল থাকলে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ থেকে সরে দাঁড়াবেন।

এ অবস্থায় ওয়ার্নার ব্রসের প্রধান টবি এমেরিক জানা, ডায়ানা প্রিন্সেসের পর্দায় ফিরে আসায় সারা বিশ্বের দর্শক যেভাবে সাড়া দিয়েছে, তাতে তারা অভিভূত। তাই বাস্তব জীবনের দুই ওয়ান্ডার ওম্যান গল ও প্যাটির গল্প তারা অব্যাহত রাখতে চান। ট্রিলজির শেষ পর্ব থিয়েটারেই মুক্তি পাবে।

সীমিত পরিসরে উত্তর আমেরিকার ২১শ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ তিন দিনে আয় করেছেন ১ কোটি ৬৭ লাখ ডলার। যা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কালে সবচেয়ে বড় উইকেন্ড আয়। এমনকি ১ কোটি ২৬ লাখ গ্রাহকের এইচবিও ম্যাক্সও দর্শকদের হলে যাওয়া ঠেকাতে পারেনি।

এর আগে ১৬ ডিসেম্বর চীনে মুক্তি পায় ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। সেখানে অবশ্য তত সুবিধা করতে পারেনি। এখনো পর্যন্ত ২০ কোটি ডলার বাজেটের এ ছবির বিশ্বব্যাপী মোট আয় সাড়ে ৮ কোটি ডলার।

এ দিকে একক ছবিতেই ওয়ান্ডার ওম্যানের যাত্রা সীমাবদ্ধ নয়। এ চরিত্রে গল গাডটকে দেখা যাবে জ্যাক স্নাইডারের চার পর্বের ‘জাস্টিস লিগ’-এ, যা আগামী বছর দেখা যাবে এইচবিও ম্যাক্সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত