রাজশাহীর দুই পৌরসভার মধ্যে একটিতে আওয়ামী লীগ আরেকটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। কাটাখালী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্বাস আলী। আর পুঠিয়ায় মেয়র হয়েছেন বিএনপি প্রার্থী আল মামুন খান।
এর আগে দুটি পৌরসভাতেই ইভিএমমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে।
সন্ধ্যায় ঘোষিত ফলাফলে জানা গেছে, কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের আব্বাস আলী ১৬,১৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এখানে আব্বাস আলী ছাড়া বাকি প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা খুবই কম। আব্বাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা (সতন্ত্র প্রার্থী) মাজিদুর রহমান পেয়েছেন ৮৫৬ ভোট। আর বিএনপির প্রার্থী অধ্যাপক সিরাজুল ইসলাম পেয়েছেন ৭৩ ভোট।
পুঠিয়া পৌরসভায় বিএনপি দলীয় প্রার্থী আল মামুন খান ৫ হাজার ৯২০ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের রবিউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ১৬০ ভোট। এ পৌরসভার স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা গোলাম আযম নয়ন পেয়েছেন ১১৭৪ ভোট।
