যুবলীগ নেতা মনির হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৩১ এএম

লক্ষ্মীপুর সদরের যুবলীগ নেতা মনির হোসেন (৩৫) খুনের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ডাকাতি বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। তারা বলছেন, মনির ব্যাংক থেকে টাকা তুলে এনে বাসায় রেখেছেন এ তথ্য জেনে ডাকাতরা বাসায় হামলা চালায় এবং একপর্যায়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।

গত ১৮ ডিসেম্বর ভোররাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে নিজ বাসায় খুন হন মনির। তার স্ত্রী মাথায় আঘাত পেয়েছিলেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। মনির ওই এলাকার আলী আহম্মদের ছেলে ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

গতকাল সোমবার ঢাকার সিআইডি সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় সিআইডি চারজনকে গ্রেপ্তার করেছে। তারা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায় ডাকাতি করে তারা। গ্রেপ্তার ব্যক্তিরা হলো মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, ফারুক ও আইয়ুব। তাদের লক্ষ্মীপুর ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত