সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার ঘটনায় বাসটির হেলপার রশিদ আহমদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে ছাতক থানা এলাকার বুরাইগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন পিবিআইয়ের সদস্যরা। অভিযুক্ত রশিদ ছাতকের কামরাঙ্গীচর গ্রামের হাবিব আহমদের ছেলে। অপর অভিযুক্ত বাসচালক ও কন্ডাক্টর এখনো পলাতক রয়েছে।
সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদ উজ-জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে আসামি। বিস্তারিত জানতে তাকে দিরাই থানায় হস্তান্তর করা হবে। সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, সুনামগঞ্জে নিয়ে আসার পর তাকে আদালতে পাঠানো হবে।
গত শনিবার বিকেলে আত্মীয়ের বাড়ি লামাকাজি থেকে নিজ বাড়ি আসার জন্য দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে ওঠে ওই কলেজছাত্রী। সন্ধ্যার দিকে বাসটি সুজানগর এলাকায় পৌঁছালে ভুক্তভোগী ছাড়া অন্য কোনো যাত্রী না থাকায় তাকে ধর্ষণের চেষ্টা করে বাসটির চালক ও হেলপার। এ সময় প্রাণভয়ে বাস থেকে সড়কে লাফিয়ে পড়ে ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় বাসটির চালকসহ তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা।
