গ্রুপসেরা কিংস

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০৩:০২ এএম

ম্যাচ জিতেছে বসুন্ধরা কিংস। তবে মন জিততে পারেনি। দুই ম্যাচ খেলা হয়ে গেছে এই মৌসুমে। অথচ সেই শৈল্পিক ফুটবল চোখে পড়ছে না তাদের খেলায়। গতকাল চট্টগ্রাম আবাহনীকে ১-০তে হারিয়ে ফেডারেশন কাপের ‘সি’ গ্রুপসেরা হয়েছে কিংস। আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা করেছেন একমাত্র গোলটি।

রহমতগঞ্জকে হারিয়ে দু’দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আগেই। কাল ছিল গ্রুপসেরা নির্ধারণী ম্যাচ। সেই ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। দু’দলই খেই হারিয়েছে প্রতিপক্ষের রক্ষণে। কিংসের শক্তিশালী আক্রমণভাগ রুখতে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক নিরেট রাখেন নিজের রক্ষণভাগ। জোনাল মার্কিংয়ে গিয়ে কিংসকে সেভাবে আক্রমণই সাজাতে দেননি চট্টগ্রাম আবাহনীর ব্যাক ফোর। দীর্ঘদিন পর ফেরা মিডফিল্ডার মাসুক মিয়া জনিকে বেশ চনমনে দেখা গেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন দ্য সিলভিয়েরা বল জোগানে সেভাবে স্বচ্ছন্দ ছিলেন না। সামনে রাউল অস্কারকে রেখে পেছন থেকে খেলা গোছানোর দায়িত্বে ছিলেন রবসন দ্য সিলভা রবিনহো। যদিও এই দুই লাতিনের রসায়নটা ঠিক জমেনি। মোটা দাগে আগের দুই মৌসুমে কিংসের হয়ে মাঠ মাতিয়ে যাওয়া কোস্টারিকার বিশ্বকাপ তারকা দানিয়েল কলিনদ্রেসের মতো আলাদা করে কেউই নিজেদের চেনাতে পারেননি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু’দলের অগোছালো ফুটবলে নিষ্প্রাণ ছিল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোল পায় কিংস। ৪৯ মিনিটে রবিনহোর কর্নার গোলমুখের জটলায় এলে চট্টগ্রাম আবাহনীর গোলকিপার নাঈম ক্লিয়ার করতে ব্যর্থ হন। সুযোগসন্ধানী রাউল মার্কার দিদিয়েরকে পেছনে ফেলে নিখুঁত হেডে গোল করেন। ১ জানুয়ারি প্রথম কোয়ার্টার ফাইনালে কিংস মোকাবিলা করবে ‘এ’ গ্রুপ রানার্সআপ দলের। এই গ্রুপ থেকে সেরা আটে আসার লড়াই করছে শেখ রাসেল, শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত