ডা. সাবরিনার জামিনের আবেদন ফের খারিজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:৫৫ এএম

করোনার নমুনার ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের কথিত চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসাইনের জামিন আবেদন ফের খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

গতকাল মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. মনিরুল ইসলাম। এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ সাবরিনার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিল।

সাক্ষ্যগ্রহণের পর্যায়ে থাকা এ মামলায় গত ১৫ সেপ্টেম্বর বিচারিক আদালতে তার জামিনের আবেদন না-মঞ্জুর হলে উচ্চ আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন তিনি।

করোনার ভুয়া রিপোর্ট দানকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন চিকিৎসক। করোনার ভুয়া রিপোর্টের অভিযোগের প্রেক্ষিতে মামলার পর তাকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দায়িত্ব পায় ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার। অভিযোগ ওঠে, রোগীদের পরীক্ষা না করে ভুয়া সনদ দেয় জেকেজি।

২৩ জুন আরিফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। ওই দিন মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ, জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তারের ঝুঁকি তৈরিসহ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় সনদ জালিয়াতির অভিযোগ আনা হয়। গত ১২ জুলাই সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২০ আগস্ট সাবরিনা-আরিফুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরু হয়। ইতিমধ্যে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত