সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদে ২ হাজার ১৫৫ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পিএসসিতে আয়োজিত কমিশনের এক বিশেষ সভায় এই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়।
দেশের ৩১৯ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট আছে। সর্বশেষ ২০১১ সালে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এর পর থেকে বিসিএসের নন-ক্যাডারদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছিল। তবে বিসিএস নন-ক্যাডার থেকে স্কুলগুলোর জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিল না। এ ছাড়া বিসিএসের নন-ক্যাডার থেকে যারা শিক্ষক পদে নিয়োগ পেয়ে আসেন তাদের বেশিরভাগই পরে অন্য চাকরিতে চলে যান। এতে বিদ্যালয়গুলোয় শিক্ষক সংকট থেকেই যায়। পরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। এই বছরের নভেম্বরে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এখন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে তাদের নিয়োগ দিতে সুপারিশ করেছে পিএসসি।
