ওয়েস্ট ইন্ডিজ দল দেখে ‘দুঃখ লাগছে’ বাশারের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৪:৪৭ পিএম

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তা দেখে হতাশা প্রকাশ করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।

 ‘একটু দুঃখ লাগল,’ মন্তব্য করে বাশার বলছেন, ‘করোনার কারণে যদি না আসে তাহলে তো কিছু বলতে পারবেন না। কিন্তু আমার যুক্তি হলো, ওরা সব জায়গায় খেলছে, আমরা বাংলাদেশে অন্যান্য জায়গার চেয়ে কভিড-১৯ ভালো ব্যবস্থাপনা করেছি, নিয়ন্ত্রণ করেছি। দুটি টুর্নামেন্ট করেছি সফলভাবে। সব জায়গায়ই তো মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এলে কভিডের সমস্যা হয়, এই যুক্তিটা বুঝে ওঠা কঠিন।’

বাংলাদেশে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। দুটি টেস্ট আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আইসিসি টুর্নামেন্টের খেলা বাদ দিয়ে সিডনি সিক্সার্সকে ম্যাচ জেতানোয় ব্যস্ত থাকবেন হোল্ডার। পোলার্ড খেলবেন টি-টেন লিগে।

দুই অধিনায়কের সঙ্গে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ফাবিয়েন অ্যালেন ও শেন ডাওরিচরা। বেশির ভাগ খেলোয়াড়ই করোনার ভয়ে সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। কেউ আবার ব্যক্তিগত কারণে। অথচ তাদের অনেকেই খেলছেন বিগ ব্যাশে।

টেস্ট অধিনায়ক মুমিনুল হকও কিছুটা আশাহত। পূর্ণ শক্তির দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটের পরীক্ষা দেওয়া হলো না তার, ‘সবাই আশাই করে যে নিয়মিত দলটাই আসবে। শুধু আমি না, সবাই এটাই আশা করেছিল।’

দ্বিতীয় সারির দল আসলেও মুমিনুল সতর্ক থাকার কথা জানালেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় চিন্তা করে খেলা যাবে না। দল দেখে যদি ভাবেন আপনি জিতে যাবেন, এটা ঠিক না। মূল ক্রিকেটার নেই, তার মানে এই না যে দল ওদের হালকাভাবে নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত