চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে ফেডারেশন কাপ ফুটবল শুরু করেছিল আবাহনী লিমিটেড। ‘ডি’ গ্রুপ থেকে সেই মোহামেডানকে সঙ্গী করেই আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল দলটি।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারায় আবাহনী। এই জয়ের সুবাদে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে আবাহনী।
দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় ঘণ্টা বেজেছে মুক্তিযোদ্ধা সংসদের। আর ১ জয় ও ১ হারে শেষ আটের টিকিট পেয়েছে মোহামেডান।
আবাহনীর কাছে ০-৩ গোলে হেরে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় মোহামেডান।
এদিন ম্যাচের ৩০ মিনিটে দারুণ এক ফ্রি কিকে আবাহনী লিমিটেডকে এগিয়ে নিলেন মাসিহ সাইঘানি। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেরভেন্স ফিলস বেলফোর্ট। শেষ দিকে ম্যাচে ফেরা গোল পেলেও শেষ রক্ষা হয়নি মুক্তিযোদ্ধা সংসদের।
কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার রেকর্ড ১১বারের চ্যাম্পিয়ন আবাহনী মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ উত্তর বারিধারার। আর ১০বারের চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের সেরা সাইফ স্পোর্টিং ক্লাব।
