বাড়িতে পোষ্য থাকলে যে গাছ লাগাতে পারেন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০১:৩০ এএম

গাছ লাগাতে ভালোবাসলেও বাড়িতে থাকা পোষ্য গাছ ছিঁড়ে বা ভেঙে ফেলতে পারেÑ এই আশঙ্কায় অনেকেই গাছ লাগান না। আবার সব গাছের পাতা পোষ্যদের জন্যও ভালো নয়। জেনে নিতে পারেন বাড়িতে পোষ্য থাকলে কী ধরনের গাছ লাগাতে পারেন

গ্লক্সিনিয়া : ছোট ছোট ফুলের এই গাছটি ঘরের মধ্যে রাখতে পারেন। বেশি আলোরও প্রয়োজন হয় না। এ ছাড়া পোষ্যদের জন্যও একদম ক্ষতিকর নয়।

আফ্রিকান ভায়োলেট : হাউজ প্লান্ট হিসেবে আফ্রিকান ভায়োলেট খুবই জনপ্রিয়। মাঝারি তাপমাত্রা, গড় আর্দ্রতা এবং অল্প আলো হলেই এই গাছে ফুল ফোটে।

বেবি টিয়ারস : ছোট ছোট সবুজ পাতায় ভরে ওঠা এই গাছ ঘরের মধ্যে ঝুলন্ত টবে রাখতে পারেন। পাতায় ভরে যাওয়ায় মাটি দেখা যায় না। তাই আপনার পোষ্য মাটি খোঁড়ার জন্য গাছের আশপাশে যাবে না। গাছও থাকবে সুরক্ষিত।

স্পাইডার প্লান্ট : নাম স্পাইডার হলেও স্পাইডারের মতো ক্ষতিকর নয় এই গাছ। এর লম্বা লম্বা পাতা বের হলে অনেকটা ফোয়ারার মতো দেখতে লাগে। অনেকে একে রিবন প্লান্টও বলে। পোষ্যদের জন্য একদমই বিষাক্ত নয় এই গাছ।

অর্কিড : সুন্দর রঙের জন্য অর্কিড অনেকেরই প্রিয়। সঠিকভাবে যতœ নিলে অর্কিড চার মাস পর্যন্ত বাঁচতে পারে। পেট সেফ গাছের তালিকায় রাখতে পারেন অর্কিড গাছও।

ক্যালাথিয়া : বাড়িতে কম আলো যেখানে, সেখানে এই গাছ লাগাতে পারেন। বড় বড় পাতাওয়ালা এই গাছ দেখতেও সুন্দর আর ক্ষতি হবে না পোষ্যের।

বোস্টন ফার্ন : পেট ফ্রেন্ডলি আরও একটি গাছ হলো বোস্টন ফার্ন। তবে এর ডালপালা পোষ্যরা চিবানোর চেষ্টা করতে পারে। তাই পোষ্যদের নাগালের বাইরে লাগান এই গাছ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত