নতুন বছরে দুঃসংবাদ আসছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য। এই ম্যাসেজিং অ্যাপটি ব্যবহার করতে পারবে না লাখো মানুষ। গতকাল (১ জানুয়ারি) থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দিয়েছে। সাধারণত পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের ফোন ব্যবহারকারীরাই এর ভুক্তভোগী হবেন। যাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.০. ৩-এর নিচে এবং যাদের আইফোনে আইওএস ৯-এর নিচে অপারেটিং সিস্টেম আছে, তারা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। গত বছর এ ধরনের পদক্ষেপ নিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। আইওএস ৮ ও অ্যান্ড্রয়েড ২.৩. ৭ সংস্করণে ফেইসবুক তাদের সমর্থন বন্ধ করে দিয়েছিল।
হোয়াটসঅ্যাপের সংযোগ চালু রাখতে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েডের আপডেট সংস্করণ ব্যবহার করতে হবে অথবা নতুন কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস কিনতে হবে। বর্তমানে বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। ইনস্ট্যান্ট ম্যাসেজিং বাজারের ৪৪ শতাংশ এখন কোম্পানিটির দখলে। বাজারের ৩৫ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেইসবুক মালিকানাধীন মেসেঞ্জার।
