বিশ্ব তারকাদের নববর্ষের শুভেচ্ছা

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০১:১৬ এএম

ইংরেজি নতুন বছর ২০২১-কে স্বাগত জানিয়ে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারাও। করোনাকাল পেরিয়ে নতুন আলোর আশায় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজরা।

শুভেচ্ছাবার্তায় সবাইকে একসঙ্গে মিলে পরিবর্তন আনার ডাক দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। স্ত্রী ও সন্তানদেরসহ ছবি পোস্ট করে রোনালদো লেখেন, ‘২০২০ সাল মোটেও সহজ ছিল না, এতে কোনো প্রকার সন্দেহ নেই কভিড-১৯ রোগে বিশ্বের কারও যন্ত্রণা ও ভোগান্তি আলাদা ছিল না। তবে এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর এবং দেখিয়ে দেওয়ায় একসঙ্গে মিলে আমরা পরিবর্তন এনে দিতে পারি। শুভ নববর্ষ।’ বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যাওয়া লুইস সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিদায় নিল ২০২০, প্রত্যেকের জন্য কঠিন একটি বছর ছিল। যে বছরটায় আমরা সবাই ভুগেছি বৈশ্বিক মহামারীত। কিন্তু সবকিছুর পরও আসুন আমরা ভবিষ্যতের দিকে তাকাই এবং ইতিবাচক থাকি। এই ২০২১ সালে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শুভ নববর্ষ।’

লিভারপুলে খেলা ডাচ ডিফেন্ডার ভন ডাইক নিজের একটি ছবি পোস্ট করেন। টুইটে লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি, সবার স্বপ্ন ও নতুন বছরের প্রত্যাশা সত্যি হয়ে ধরা দেবে ২০২১ সালে। চলুন, নতুন বছরে আরও ভালোবাসা ও শান্তিস্থাপন করি পৃথিবীতে। আপনি মানুষজনের কাছে যে আচরণটি পেতে চান, নিজেও সেই রকম আচরণ করুন। শিগগিরই দেখা হবে।’ স্পেন ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা লিখেছেন, ‘শুভ নববর্ষ। সব সময় সুস্বাস্থ্যে কাটুক, তবে আজ অন্য সব সময়ের চেয়ে বেশি প্রার্থনা করছি।’

পিছিয়ে ছিলেন না টেনিস খেলোয়াড় ও ক্রিকেটাররাও। পাঁচ গ্র্যান্ড স্ল্যামজয়ী সাবেক টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসের টুইট, ‘নতুন বছরের শুভেচ্ছা! ২০২১ সালে সবার সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম একটি ভিডিও টুইট করেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, ‘শুভ সকাল। আশা করি নতুন এই বছর গত বছরের চেয়ে ভালো হবে। পৃথিবীর আনাচে কানাচে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার পরিবারকেও নতুন বছরের শুভেচ্ছা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত