শোয়েবের চোখে চতুর পেসার বুমরাহ

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০১:১৬ এএম

আধুনিক ক্রিকেটে জাসপ্রিত বুমরাহকে সবচেয়ে চতুর ক্রিকেটার বললেন শোয়েব আখতার। সাবেক পাকিস্তান গ্রেটের চোখে তাদের কৌশল রপ্ত করেই এই পর্যায়ে উঠেছেন ভারত পেসার। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শোয়েব আখতাররা বাতাসে বল সুইং করাতেন। যাকে বলা হয় ‘এয়ার সুইং’। এই পেসত্রয়ীর এই অস্ত্রে বিশ্বজুড়ে ব্যাটসম্যানরা পরাস্ত হয়েছেন। পাকিস্তান পেসারদের সেই অস্ত্র বুমরাহ এখন কাজে লাগাচ্ছেন বলে জানান শোয়েব।

ক্রিকেটে সবচেয়ে দ্রুততম বল করার মালিক বলেন, ‘বুমরাহ সম্ভবত প্রথম ভারতীয় বোলার যে বাতাসের গতিবিধি কাজে লাগাচ্ছে। সে পিচে কতটুকু ঘাস আছে তা নিয়ে ভাবছে না। বাতাসের সাহায্যেই নিজের বলে সুইংটা বের করে নিচ্ছে। এই বিষয়টা পাকিস্তানি বোলারদের কৌশল। তা রপ্ত করেছে বুমরাহ।’

ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি সাক্ষাৎকারে নিজেদের সময়ে এই কৌশল ব্যবহার নিয়ে শোয়েব বলেন, ‘আমি, ওয়াসিম ও ওয়াকার ভাই প্রায় প্রতি ম্যাচেই বাতাসকে সুইংয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করতাম। যেই দিক থেকে বাতাস বিপরীত দিকে যেত আমরা ওই এন্ড থেকে বল করতাম। এতে রিভার্স সুইং পাওয়া সহজ হতো। আমরা পেস বোলিংয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ও জানতাম। আমার বিশ্বাস বুমরাহ নিজের বুদ্ধি দিয়ে সেই বিষয়গুলো জেনেছে। এখন সে তার বলে সেসব ব্যবহার করছে। আমি বলব মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমিরের পর বুমরাহই এখন ক্রিকেটের সেরা চতুর বোলার।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত