আই লিগে অভিষেকের অপেক্ষায় জামাল

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০১:১৭ এএম

ডেনমার্ক থেকে উড়ে এসেছিলেন লাল-সবুজ জার্সির টানে। ২০১৩ সালে সেই স্বপ্ন পূরণের পর জীবনটাই বদলে গেছে জামাল ভুঁইয়ার। পেয়েছেন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সর্বোচ্চ সম্মান। দেশসেরা মিডফিল্ডারের খেতাবটাও পাওয়া হয়ে গেছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারত রাঙাতে প্রস্তুত হচ্ছেন জামাল। আই লিগে অভিষেকের অপেক্ষায় ঘাম ঝরাচ্ছেন কলকাতা মোহামেডানে এশিয়ান কোটায় যোগ দেওয়া বাংলাদেশ অধিনায়ক। ৯ জানুয়ারি শুরু হচ্ছে ভারতের এই পেশাদার লিগ। ভারতের মাটিতে নিজেকে প্রমাণের কঠিন চ্যালেঞ্জটা জিততে চান জামাল।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জামাল বলেন, ‘কলকাতার অভিজ্ঞতা সত্যি চমকপ্রদ। কলকাতা মোহামেডান অনেক আশা নিয়ে আমাকে দলে নিয়েছে। এই সিদ্ধান্তটা যে ভুল হয়নি সেটার প্রমাণ দিতে হবে মাঠে।’ ঢাকা আর কলকাতায় মিল অনেক। ভাষার মিলটা সবচেয়ে বেশি। তবে বাংলা ভাষায় সেভাবে স্বচ্ছন্দ নন জামাল। বরং ঢাকার মতোই কলকাতার খাবার-দাবারের মিলটাই তাকে মানিয়ে নিতে অনেক সহায়তা করেছে, ‘কলকাতার সঙ্গে ঢাকার বড় কোনো পার্থক্য নেই। খাবার, ভাষা সবকিছুই এক। তাই মানিয়ে নিতে সমস্যা হয়নি। দলকে শিরোপা এনে দিতে পারাটা হবে দারুণ ব্যাপার। বাংলাদেশ থেকে এসেছি বলে আমাকে নিয়ে ক্লাবের প্রত্যাশাও অনেক। ফুটবলার হিসেবে এটুকু চাপ আপনাকে নিতেই হবে। আমি এটাকে অবশ্য অনুপ্রেরণা হিসেবেই নেই সব সময়। চাপ না থাকলে তো কোনো মজা থাকে না। আমি চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত।’

কলকাতা মোহামেডানে আরও আগেই যোগ দেওয়ার কথা ছিল জামালের। কিন্তু দেশের হয়ে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার কিছুদিন পর দেশে ফেরার জন্য কভিড-১৯ পরীক্ষা করতে গিয়ে বিপদে পড়েন জামাল। পরীক্ষার ফল পজিটিভ আসায় তাকে প্রায় ১১ দিন হোটেলবন্দি থাকতে হয়। করোনা আক্রান্ত হওয়ায় একটা সময় কলকাতায় খেলার সুযোগটাই নষ্ট হতে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত জামালের জন্য অপেক্ষা করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এবার জামালের কলকাতায় অভিষেকের অপেক্ষা শেষ হওয়ার পালা। ‘নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। বাংলাদেশেও চ্যালেঞ্জ নিয়েছি; দেশে কয়েক বছর ধরে খেলছি। যখন কলকাতা মোহামেডানে খেলার সুযোগ পেলাম, পরিবারের সঙ্গে কথা বললাম। তারাও চ্যালেঞ্জ নিতে বলল। তা ছাড়া জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের কাছ থেকেও ভারতের ফুটবল সম্পর্কে ধারণা নিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত