ইবি শিক্ষককে হত্যার হুমকি সহকারী প্রক্টরের

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০২:১৬ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের আবাসিক এলাকায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামান তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলতাফ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে গাছ লাগানো নিয়ে বাগ্বিতন্ডা হয় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান ও আল-ফিকহ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের। একপর্যায়ে এম এম নাসিমুজ্জামান লাঠি নিয়ে তেড়ে যান আলতাফ হোসেনকে মারতে। এ ছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন সহকারী প্রক্টর নাসিমুজ্জামান।

এ বিষয়ে সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান বলেন, ‘ওনার সঙ্গে আমার কোনো পূর্বশত্রুতা নেই। যে অভিযোগগুলো আছে আমি স্বজ্ঞানে বলছি এগুলো সব ভিত্তিহীন। ও হয়তো আমাকে ভুল বুঝেছে।’

ইবি থানার ওসি মোস্তাফিজ বলেন, ‘সহকারী অধ্যাপক আলতাফ হোসেন একটা সাধারণ ডায়েরি করেছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা তদন্ত করব।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। বিষয়টি নিয়ে আমরা উভয় শিক্ষকের সঙ্গে কথা বলব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত