‘গণতন্ত্র প্রতিষ্ঠার’ আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০২:৩৬ এএম

নতুন বছরে বিএনপির রাজনীতি কেমন হবে তা নিয়ে মতামত তুলে ধরেছেন দলটির নেতারা। দেশবাসীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গতকাল শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে রাজনীতির ময়দানে নামবে বিএনপি। ইতিমধ্যে আমরা শক্তি সঞ্চয় করেছি। চলতি বছর দলের চলমান পুনর্গঠন কার্যক্রম অব্যাহত রাখব। আগামী ২৬ মার্চ স্বাধীনতার রজতজয়ন্তী উৎসবের শুভসূচনা করা হবে। এছাড়া দলের ও রাষ্ট্রের বিভিন্ন দিবস পালন করবে দলটি। পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যে আন্দোলন চলমান রয়েছে তা অব্যাহত রাখা হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা  ঐক্যের সৃষ্টি হয়েছে তা ধরে রাখা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। সম্মুখযুদ্ধে অংশ নেওয়া অনেক মুক্তিযোদ্ধা এখন আমাদের দলে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। এজন্য আদালতকে পর্যন্ত তারা ব্যবহার করছে। কিন্তু ইতিহাস বিকৃত করে কোনো লাভ হবে না। কারণ জনগণ ইতিমধ্যে জেনে গেছে কার কী ইতিহাস। দেশের জনগণ আমাদের কার্যক্রম যেমন দেখছে তেমনি দেখছে সরকারের কার্যক্রম। সুযোগ পেলে জনগণ তার জবাব ভোটের মাধ্যমে দিত। কিন্তু সরকার সে সুযোগ দিচ্ছে না। তাই বিএনপি চাইছে দলকে শক্তিশালী করে দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে। এরপর অপরাপর রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চেষ্টা করবে বিএনপি।’

বিএনপির স্থায়ী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী দিনে আমরা যে আন্দোলন করব তা সফল করতে হবে। তাই একটু সময় নিয়ে দলকে শক্তিশালী করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামব। বিশেষ করে পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে আটঘাট বেঁধে তবেই মাঠে নামব আমরা।’ তিনি বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। একটি বড় দল হিসেবে সেটি অব্যাহত রাখতে ভূমিকা রাখবে বিএনপি।’

স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরব্যাপী অনুষ্ঠান সুন্দরভাবে করতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আবদুস সালামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যের জাতীয় কমিটি করা হয়েছে। একটি স্টিয়ারিং কমিটিও করা হয়েছে। এ দুটি কমিটিতে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের রাখা হয়েছে। এর বাইরেও ১৫টি বিষয়ভিত্তিক কমিটি এবং ১০টি বিভাগীয় কমিটি করা হয়েছে।

খন্দকার মোশাররফ গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র, দেশের মানুষের মানবাধিকার সরকার ভূলুণ্ঠিত করেছে। জনগণ ভোটাধিকার হারিয়ে ফেলেছে। আজকে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। নেতা নির্বাচন করতে পারছে না। এ অবস্থা চলতে দেওয়া যায় না। সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। সরকারের ব্যর্থতার কথা প্রকাশ করা যাচ্ছে না। যেই সরকারের বিরুদ্ধে কথা বলে তাকেই নির্যাতন করা হয়। মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়। এ অবস্থায় বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি স্বাধীনতার রজতজয়ন্তীর কর্মসূচি প্রণয়ন করে তা পালন করা হবে।’

তিনি বলেন, ‘আমরা ১৫টি বিষয়ভিত্তিক কমিটি গঠন করে দিয়েছি। একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা এখন নিজেরা বৈঠক করছেন। তারা খসড়া প্রোগ্রাম তৈরি করছেন। এরপর আমরা বিষয়ভিত্তিক প্রতিটি কমিটির নেতাদের সঙ্গে বসব। তারপর কর্মসূচির একটা ক্যালেন্ডার তৈরি করব। সেই ক্যালেন্ডার গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।’

রজতজয়ন্তী পালনে যে আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে তার অন্যতম সদস্য ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে বিশে^র একাধিক দেশে স্বাধীনতার রজতজয়ন্তী পালন করার সিদ্ধান্ত রয়েছে। তবে বর্তমানে করোনার কারণে কখন কোন দেশে এ কর্মসূচি পালন করা হবে তা চূড়ান্ত করা যাচ্ছে না। তবে একটা খসড়া তৈরি করা হবে। এরপর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশে^র বিভিন্ন দেশে যেখানে বিএনপির নেতাকর্মীরা আছে তাদের সহযোগিতায় এসব কর্মসূচি সফল করা হবে।’

এদিকে নববর্ষকে সামনে রেখে গত বৃহস্পতিবার গণমাধ্যমে বাণী পাঠিয়েছেন বিএনপি মহাসচিব। বাণীতে তিনি বলেন, ‘নতুন বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও হৃত গণতন্ত্রকে উদ্ধার করার সংগ্রামে সবাইকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য এবং সমৃদ্ধির বছরে পরিণত হয় স লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধবিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘জেলা কমিটি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা বিভিন্ন জেলা কমিটি গঠন করে তা দপ্তরে জমা দিচ্ছেন। দপ্তর থেকে কমিটি গণমাধ্যমকে জানানো হচ্ছে। গতকাল নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক এবং মামুন মাহমুদকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অনুমোদিত ওই কমিটির তালিকা গতকাল দুপুরে প্রকাশ করেছে।’

গতকাল চাঁদপুর জেলা যুবদলের ১৫টি ইউনিটের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। এসব কমিটির নেতাদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নিজ নিজ ইউনিটে কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত