করোনা জয় করেই পুরোদমে কাজে ফিরলেন জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া। গতকাল থেকে আবার শুরু করেছেন ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’র শ্যুটিং। এরপরই বঙ্গবন্ধুর বায়োপিকের শ্যুটিংয়ে যেতে হবে মুম্বাই। তার সঙ্গে কথা বলেছেন প্রীতিপ্রাপ্তি
করোনা সেরেই মঞ্চে...
১১ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাই। তবে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ হইনি। ফলে কাজ করতে সমস্যা হয়নি। তাই গত সপ্তাহের শনিবার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরপর তিন দিন বড় বড় তিনটি স্টেজ শো করলাম। আগামী মাসের মাঝামাঝি আরও তিনটি শো’র শিডিউল দেওয়া আছে। বলা যায়, শীতের স্টেজ শো শুরু হয়ে গেল। আর আগামী এপ্রিল মাস পর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। এ জন্য নতুন কোনো ছবির কাজ নিচ্ছি না।
কাজ...
আমি করোনায় আক্রান্ত হওয়ার পর ‘যদি কিন্তু তবুও’ ছবির কাজ বন্ধ ছিল। আজ থেকে আবার শুরু করেছি এই ছবির কাজ। মাঝে কয়েক দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই শ্যুটিং। আমার বিপরীতে আছেন অপূর্ব। তার সঙ্গে এবারই প্রথম কাজ করছি। এটি ভারতীয় ওয়েব প্লাটফর্ম জি ফাইভের জন্য নির্মাণ করছেন শিহাব শাহীন। দারুণ একটি রোমান্টিক সোশ্যাল ড্রামা। আশা করি দর্শক খুব উপভোগ করবেন।
বঙ্গবন্ধুর বায়োপিক...
২৭ জানুয়ারি দুবাই যাচ্ছি, ৩১ তারিখ ফিরব। দুবাই থেকে ফিরেই মুম্বাই যাব। ৩ ফেব্রুয়ারি থেকে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকের শ্যুটিং শুরু হবে সেখানে। এক মাস তিন দিনের লম্বা শ্যুটিং শিডিউল দেওয়া আছে ওই ছবিতে। আমাদের শোবিজের একঝাঁক তারকাশিল্পী কাজ করবেন এই সিনেমায়। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিশোরী বেলার চরিত্রে দেখা যাবে। কাজটি নিয়ে আমি একই সঙ্গে উচ্ছ্বসিত ও গর্বিত। প্রথম লটের শ্যুটিং চলবে ১০ এপ্রিল পর্যন্ত। কিছুদিন বিরতির পর দ্বিতীয় লটের কাজ শুরু হবে বাংলাদেশে। বাংলাদেশ-ভারত প্রযোজিত ছবিটি এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এটিই সবচেয়ে বিগ বাজেটের চলচ্চিত্র।
আরও ৫ ছবি...
হাতে থাকা আরও পাঁচটি ছবির শ্যুটিং প্রায় শেষ। এপ্রিল মাসে কলকাতায় নতুন ছবি ‘বিবাহ অভিযান টু’র শ্যুটিং শুরু করব। তার আগে মার্চজুড়ে ‘অপারেশন সুন্দরবন’, ‘ভয়’ ও ‘পাতাল ঘর’ ছবিগুলোর বাকি কাজ শেষ করব। আর ‘ঢাকা ২০৪০’ ছবির কাজ একটু বেশি বাকি আছে।
