ফের আলোচনায় অক্ষয়-অদিতির মিটু ইস্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১২:১৪ এএম

অদিতি রায় হায়দারিকে দর্শক মনে রেখেছেন ‘দিল্লি ৬’, ‘লন্ডন প্যারিস নিউ ইয়র্ক’, ‘মার্ডার থ্রি’, ‘ওয়াজির’ কিংবা হালের পদ্মাবত সিনেমার জন্য। বলিউডের এই গ্ল্যামার গার্ল ‘বস’ ছবিতে জুটি বেঁধেছিলেন সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে। এরপর আরও দুটি ছবিতে তাদের একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু কী কারণে সেগুলো হয়নি, তা জানা যায়নি তখন। পরে মিটু আন্দোলনের সময় অদিতির কিছু টুইট নিয়ে জল্পনা তৈরি হয়। নাম না নিয়েই মিটু-তিরে অক্ষয়কে বিদ্ধ করেন অদিতি।

২০১৮ সালে বলিউডে মিটু আন্দোলনের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এমন এক আন্দোলনে নারীদের পাশে না দাঁড়িয়ে পারেননি টুইঙ্কল খন্না। তিনি টুইট করেন, ‘কী অন্যায় তাদের সঙ্গে হচ্ছে, নারীদের এবার চিৎকার করে জানাতে হবে।’ ঠিক তার পরের দিনই অদিতির একটি টুইটের বিষয়বস্তু ছিল, ‘যারা খুব ভালো করেই জানেন তাদের স্বামীরা যৌন হেনস্তা করে থাকেন, সেই তারাই আবার নির্লজ্জের মতো মিটু নিয়ে জ্ঞান দিচ্ছেন। এর থেকে নিজেদের স্বামীর ওপর নজর রাখুন।’

টুইটটি যে টুইঙ্কলের উদ্দেশে ছিল, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। এর পরদিন আবার অক্ষয় মিটু আন্দোলনকে সমর্থন জানান। এক টুইটে তিনি লেখেন, ‘যত দিন না তদন্তের ফল জানা যায়, আমি এমন কারও সঙ্গে কাজ করতে চাই না যিনি যৌন হেনস্তায় অভিযুক্ত।’ সে সময় সাজিদ খানের ছবি ‘হাউসফুল ৪’-এ কাজ করছিলেন তিনি এবং সাজিদ ছিলেন অভিযুক্ত। অক্ষয়ের এই টুইট সামনে আসার পরদিন ফের অদিতি টুইটে নাম না নিয়ে অক্ষয়কে আক্রমণ করেন। বলিউডে গুঞ্জন যখন তুঙ্গে, এমন সময় আসরে নামেন টুইঙ্কল স্বয়ং। স্বামীর ওপর মিটু অভিযোগ যাতে না আসে তার জন্য নাকি পরিকল্পনা করেন তিনি। অদিতির মুখ বন্ধ রাখার জন্য নাকি তার বাড়িতে ১০ কোটি টাকার চেক পৌঁছে গিয়েছিল। এমনকি এও শোনা গিয়েছিল, বড় মিডিয়া হাউজগুলোয়ও পৌঁছে দেওয়া হয়েছিল কোটি কোটি টাকার চেক। তাই আচমকাই কয়েক দিন পর থেকে এসব টুইট নিয়ে চর্চা বন্ধ হয়ে যায়।

সেলিব্রিটিদের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে সব সময় লাইমলাইটে থাকার চেষ্টায় বুঁদ হয়ে থাকেন কমল আর খান। তিনি সম্প্রতি আবারও এ বিষয়টি তুলে এনেছেন। সেটা নিয়ে একদফা অক্ষয়ের যৌন হেনস্তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিটাউনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত