এ বছর জন্ম নেওয়া শিশুদের গড় আয়ু হবে ৮৪ বছর!

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০২:০২ এএম

নতুন বছরের প্রথম দিনে দুনিয়াজুড়ে প্রায় ৩ লাখ ৭১ হাজার ৫০৪ নবজাতক জন্ম নিয়েছে। এর মধ্যে বছরের প্রথম শিশুর জন্ম হয়েছে ফিজিতে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এসব তথ্য জানিয়েছে। ইউনিসেফের ধারণা, ২০২১ সালে বিশ্বে প্রায় ১৪ কোটি নবজাতকের জন্ম হবে। আর এদের গড় আয়ু হবে ৮৪ বছর।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর গতকাল বলেছেন, ‘আজ জন্ম নেওয়া শিশুটি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন এক বিশ্বে প্রবেশ করল। সে বিশ্বে আবারও কল্পনা করার একটি নতুন সুযোগ নিয়ে এলো এই নববর্ষ। আজ জন্ম নেওয়া শিশুরা এমন বিশ্বের নাগরিক হবে, তাদের জন্য সেটি গড়ে তুলতে আমরা এখন কাজ করে যাচ্ছি। আরও স্বাস্থ্যকর, আরও নিরাপদ বিশ্ব আমরা তাকে দিতে চাই।’

২০২১ সাল ইউনিসেফের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বছরজুড়ে ইউনিসেফ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা উদযাপন করবে।

হেনরিয়েটা ফোর বলেন, ‘আজ বিশ্ব মহামারী, অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছে। ইউনিসেফ আগের মতোই দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। ইউনিসেফ গত ৭৫ বছর ধরে বাস্তুচ্যুতি, প্রাকৃতিক দুর্যোগ ও নানা সংকটের মধ্যে বিশ্বের শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। নতুন বছরের সঙ্গে সঙ্গে শিশুদের সুরক্ষা, তাদের অধিকারের পক্ষে কথা বলা এবং তারা যেখানেই থাকুক না কেন, তাদের কণ্ঠস্বর যেন শুনতে পাওয়া যায়, এ জন্য আমরা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

বছরের প্রথম দিন জন্ম নেওয়া শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশির জন্ম হয়েছে বিশ্বের ১০টি দেশে। বাংলাদেশ (৯,২৩৬) ছাড়া তালিকার অপর নয়টি দেশ হলো ভারত (৫৯,৯৯৫), চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিসর (৯,৪৫৫) ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো (৮,৬৪০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত