নারায়ণগঞ্জে শিশু-কিশোরী ধর্ষণের শিকার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০২:০২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবকের বিরুদ্ধে এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে শফিক (৩০) নামে প্রতিবেশী ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া একই জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. রফিকুল ইসলাম রবিন (২৫) নামে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ধর্ষণের শিকার শিশুটির স্বজনরা জানান, শনিবার দুপুরে কৌশলে নিজ কক্ষে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী শফিক। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে আশপাশের লোকজন। পরে শফিককে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। রূপগঞ্জ থানার এসআই জাকির জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।           

সিদ্ধিরগঞ্জের ঘটনায় মামলা সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মুয়াজ্জিন রবিনের। গত বুধবার সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে নাভানা সিটি এলাকায় এমএম টাওয়ারের পশ্চিম পাশের একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে কিশোরীকে ধর্ষণ করে সে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসচালক গ্রেপ্তার : সুনামগঞ্জের দিরাইয়ে সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলার প্রধান আসামি বাসচালক শহীদ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর ৫টার দিকে ছাতক থানার জাউয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির সদস্যরা। গ্রেপ্তার শহীদ সিলেটের জালালাবাদ থানার মোল্লাগাঁও গ্রামের তৌফিক ওরফে মইন্নার ছেলে। সুনামগঞ্জ সিআইডি পুলিশের এসআই সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত