বিজিবির আপত্তি

হবিগঞ্জ সীমান্তে বিজেপির অফিস নির্মাণ বন্ধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০২:০৭ এএম

হবিগঞ্জের মাধবপুরের মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে চলমান উত্তেজনার অবসান হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে পাকা অফিস ঘর নির্মাণ করতে চেয়েছিল, তা করতে পারবে না। আগের যে টিনের অফিস রয়েছে সেটাই থাকবে। গত শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন হবিগঞ্জে বিজিবির ৫৫ নম্বর ব্যাটালিয়নের ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবু বকর। অন্যদিকে ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ইন্সপেক্টর ত্রিবানী কুমার সিং।

জানা গেছে, গত বৃহস্পতিবার মোহনপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিসটি পাকাকরণের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু তা জিরো পয়েন্ট থেকে ভারতীয় অংশের ১৫০ গজের ভেতরে হওয়ায় বাংলাদেশের পক্ষে বিজিবি বাধা দেয়। বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে হবিগঞ্জে বিজিবির ৫৫ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী ওই এলাকা পরিদর্শন করেন। একই সঙ্গে এ বিষয়ে বিএসএফের কাছে বার্তা পাঠানো হয়। পরে গত শুক্রবার পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী বলেন, ভারতীয় অংশের মোহনপুর এলাকায় আগে থেকেই একটি টিনের ঘরে বিজিপির অফিস ছিল। ইদানীং তারা ঘরটি পাকা করার উদ্যোগ নেন। কিন্তু ১৯৭৫ সালের বর্ডার গাইডলাইন অনুযায়ী জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের ভেতর কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ না করার চুক্তি রয়েছে। বিজেপি স্থায়ীভাবে ঘর নির্মাণ করার উদ্যোগ নেওয়ায় ওই গাইডলাইন অনুযায়ী প্রতিবাদ করা হয়। পতাকা বৈঠকে ওই চুক্তির শর্তাবলি বিএসএফ সদস্যদের অবগত করা হয়। বিএসএফ তা স্বীকার করে নির্মাণকাজ বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত