বিদেশি ও যৌথ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে অনলাইনভিত্তিক সর্ববৃহৎ বিটুবি কনক্লেভ আয়োজন করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ৫ থেকে ৭ জানুয়ারি দেশে প্রথমবারের মতো বিজনেস কনক্লেভ হবে। তিন দিনের এ অনুষ্ঠানে ১৭৬টি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং সেশন থাকবে।
ঢাকা চেম্বারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মতো বিজনেস কনক্লেভ ২০২০ আয়োজন করবে ডিসিসিআই। ৫ জানুয়ারি অনলাইনে কনক্লেভ উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অনলাইনভিত্তিক এ কনক্লেভে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের ২২৭টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিটুবিতে অংশ নেবেন।
অংশগ্রহণকারী দেশগুলো হলো আলজেরিয়া, বাংলাদেশ, চীন, মিসর, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনাম। ১৭৬টি বিটুবি ম্যাচমেকিং সেশনে দেশি ৯০ ও অন্যান্য দেশের ১৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
এ আয়োজনে প্রাধান্য পাবে অ্যাপারেল ও টেক্সটাইল, হালকা প্রকৌশল, ওষুধ, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাত।
