বগুড়ার নন্দীগ্রামে আনোয়ার হোসেন বুলু (৩৮) নামে এক ব্যক্তিকে তার সহযোগীরা ট্রাকের নিচে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার তেঘরীতে এ ঘটনা ঘটেছে।
নিহত বুলু নওগাঁর আত্রাই উপজেলার জাতা আমরুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় তার দুই সহযোগী ইসলাম ও আরিফকে আটক করে নন্দীগ্রাম থানায় সোপর্দ করেছে নিহতের পরিবার।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে বুলু তার সাতজন বন্ধুর সঙ্গে বগুড়া শহর থেকে মাইক্রোবাসে আত্রাইয়ের উদ্দেশে রওনা দেন। পথে নন্দীগ্রামের তেঘরীতে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় বুলু মাইক্রোবাস থামিয়ে সড়কে নেমে তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায় তার সহযোগীরা বুলুকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দিলে ট্রাকচাপায় নিহত হন বুলু। পরে ইসলাম ও আরিফ বুলুর মরদেহ বাড়িতে পৌঁছে দিতে গেলে পরিবারের সদস্যরা তাদের আটক করে। গতকাল রবিবার তাদের নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়।
