‘আন্তর্জাতিক’ কথাটা শুনতে জোশ লাগছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১১:৫৯ পিএম

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরে সফল হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বছর শেষে ফোর্বস ম্যাগাজিনেও নাম এসেছে তার। এই তারকার সঙ্গে কথা বলেছেন প্রীতিপ্রাপ্তি

‘বিশ্বসুন্দরী’র সাফল্য...

এখন আর গড়পড়তা কাজ করি না। সিনেমার প্রতিটি সেক্টর পছন্দ না হলে প্রয়োজনে ঘরের কাজ করি। তার ফল পেলাম। গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ করতে গিয়েই আমার মধ্যে এই পরিবর্তন এসেছে। এরপর যে কাজগুলোই করেছি দর্শক দেখলে প্রশংসা করবেন। সেই ধারাবাহিকতায় এসেছে ‘বিশ^সুন্দরী’। শোভা চরিত্রটি ফুটিয়ে তুলতে আমি কষ্ট করেছি। পরিচালক ও লেখক আমাকে অনেক সাহায্য করেছেন চরিত্রের যে শেডগুলো তুলে ধরতে। সব মিলিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরে সফল হয়েছি। আশা করছি নতুন বছর আরও ভালো কাটবে। দর্শককে আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারব।

১০০ ডিজিটাল তারকার তালিকায়...

এটা অবিশ্বাস্য। সবটাই দর্শকের ভালোবাসার ফসল। আমি তো প্রথমে জানতামই না। সাংবাদিক ভাইয়েরা ফোন করে বিষয়টি জানিয়েছেন। প্রথমে ফোনে অজস্র কল, টেক্সট দেখে তো ঘাবড়ে গিয়েছিলাম। কী এমন করলাম যে এভাবে সবাই খুঁজছে, বুঝতে সময় লাগছিল। পরে যখন দেখলাম অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের পাশে একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের নাম এসেছে তখন অন্যরকম অনুভূতি হচ্ছিল। ‘আন্তর্জাতিক’ কথাটা শুনতে জোশ লাগছে। এবার কাজও করতে হবে সেভাবে।

সৌন্দর্যের সংজ্ঞা...

যখন সবাই বলে আমি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর নায়িকা, এটা শুনতে তো ভালোই লাগে। তবে আমি আমার মতো সুন্দর। এখানে কনফিডেন্সটা জরুরি। মানুষের বাহ্যিক সৌন্দর্যটা এই ইন্ডাস্ট্রিতে মূল্যায়ন করা হয় বা ফার্স্ট প্রায়োরিটি থাকে এটা তো সত্যিই! তবে আমার কাছে প্রত্যেকের আত্মবিশ্বাসটাই আমার কাছে আসল সৌন্দর্য মনে হয়।

নতুন ছবি...

তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’র কাজ করছি। গল্প নিয়ে এখনই কিছু বলতে নিষেধ আছে। শুধু এটুকু বলব, ওই যে আন্তর্জাতিক মানের কাজের কথা বলছিলাম না, এটা তেমনি কাজ। কী দারুণ সব অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করছি। প্রতি মুহূর্তে শেখার সুযোগ হচ্ছে। আবুল হায়াত, মামুনুর রশীদ, রওনক হাসান, শ্যামল মওলা প্রত্যেকে যে কাজ করছেন তা দেখলে দর্শক চমৎকৃত হবেন। এর আগে কাজ করেছি ‘প্রীতিলতা’ সিনেমায়। এটি আমার অভিনয় জীবনের অন্যতম অর্জন। ইতিহাসে প্রীতিলতার কী ভূমিকা ছিল সে কথা নতুন করে বলার কিছু নেই। এ ধরনের কিংবদন্তির চরিত্র করাটা যে কোনো শিল্পীর জন্য পরম পাওয়া, সেই সঙ্গে অনেক বেশি দায়িত্বের। চেষ্টা করছি চরিত্রটির সঙ্গে সদ্ব্যবহার করার। বাকিটা দর্শকই বলবেন। এছাড়া মাসুদ হাসান উজ্জ্বল এর ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের কাজ করেছি। সহশিল্পী আজাদ আবুল কালাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত