ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটির শ্যুটিং চলছে। এই সিনেমা পরিচালনা করছেন সুকুমার। সাধারণত তার সিনেমায় একটি আইটেম গান থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘পুষ্পা’ সিনেমার এই আইটেম গানের সুর করছেন দেবী শ্রী প্রসাদ। শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী দিশা পাটানিকে। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি। গানটিতে কোমর দোলাতে দেড় কোটি রুপি পারিশ্রমিক নেবেন দিশা। ‘পুষ্পা’ সিনেমাটিতে আল্লুর বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। এ ছাড়া আরও আছেন প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ।
এদিকে, মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দিশা। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি। এতে সালমান খানের বিপরীতে দেখা যাবে দিশাকে। সালমানের ছবি মানেই হিট। প্রশংসিত না হলেও ১০০ কোটির নিচে আয় হয় না। তাই তার ছবির বাজার দর সবসময়েই বেশি থাকে। ব্যতিক্রম হয়নি ‘রাধে’র ক্ষেত্রেও। জি স্টুডিওর কাছে ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে ছবিটি। করোনাকালে এটিই সর্বোচ্চ। বর্তমানে এটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সালমান-দিশা ছাড়াও এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। এরপর একতা কাপুর প্রযোজিত ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
