করোনা বিধি নিয়ে সমস্যায় ভারত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১২:১০ এএম

সিডনি টেস্টের আর তিনদিন বাকি। এর মধ্যেই বায়ো-বাবলের প্রটোকল ভেঙে আইসোলেশনে যেতে হয়েছে পাঁচ ভারতীয় ক্রিকেটারকে। কিন্তু আজ একই বিমানে সেই পাঁচ ভারতীয় ক্রিকেটারের মেলবোর্ন থেকে গোটা টিমের সঙ্গে সিডনিতে যাওয়ার কথা। ভারত ও অস্ট্রেলিয়ান বোর্ড পাঁচ ক্রিকেটার বায়ো-বাবল বিধি ভেঙেছেন কি না তা নিয়ে তদন্ত করছে। এরই মধ্যে এক বিমানে ভারতীয় দলের সিডনি যাওয়ার খবরে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে কুইন্সল্যান্ডের সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, ব্রিসবেন টেস্টে খেলতে হলে ভারতীয় দলকে কোয়ারেন্টাইনের আইন মেনেই খেলতে হবে। রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ‘আমরা নিষেধাজ্ঞা সরাচ্ছি না। কারও জন্যই কোনো ছাড় নেই। নির্দিষ্ট করে দেওয়া জায়গা থেকে এলে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিত খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা বলা।’ করোনা সংক্রমণ রোধে কড়া লকডাউন চলছে কুইন্সল্যান্ডে। ভারতের ক্রিকেটাররাও দ্বিতীয়বার কোয়ারেন্টাইনে থাকতে ইচ্ছুক নন। এমন পরিস্থিতিতে ব্রিসব্রেন টেস্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে সিডনিতেই বাকি দুই টেস্ট হওয়ার সম্ভাবনা। ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শেষ টেস্ট হওয়ার কথা ছিল। 

গতকাল মেলবোর্নে বৃষ্টি থাকায় ভারতীয় দল ইনডোরে অনুশীলন করেছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ‘মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলন বন্ধ রাখা হলো বৃষ্টির জন্য’। ফলে জিমেই সময় কাটিয়েছেন অজিঙ্ক রাহানেরা। ৭ জানুয়ারিতে শুরু হবে সিডনি টেস্ট। রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমান গিল, পৃথ্বী শ এবং নবদীপ সাইনিদের আলাদা করে রাখা হয়েছে দলের থেকে। অনুশীলন করলেও আলাদা ছিলেন তারা। ৫ ক্রিকেটারকে কোনোভাবেই একসঙ্গে করতে রাজি নন ২ দলের ডাক্তাররা। এমন পরিস্থিতিতে এক সঙ্গে বিমান ভ্রমণ নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করলে আপনি দেখবেন বায়ো-বাবলের প্রটোকল ভাঙা হয়েছে তা কোথাও লেখা নেই। বরং বলা হয়েছে যদি প্রটোকল ভাঙা হয়ে থাকে তা তদন্ত করে দেখা হচ্ছে। কাজেই আমরা মনে করছি দলের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ ক্রিকেটারের এক বিমানে সিডনি যেতে বাধা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত