এবার সিরিজ শেষ না করে ফিরবেন না রুটরা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১২:১৩ এএম

১৪ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজটি গত মার্চে হওয়ার কথা ছিল। কলম্বোতে দ্বিতীয় ট্যুর ম্যাচ খেলছিলেন জো রুটরা। করোনাভাইরাসের কারণে সফর স্থগিত রেখেই দেশে ফিরে যায় ইংল্যান্ড। স্থগিত হওয়া ওই সিরিজ হবে এবার। কিন্তু চলতি সিরিজে যদি কোনো ক্রিকেটারের করোনা শনাক্ত হয় তবে কী হবে? ইংল্যান্ড কি আবার সিরিজের মাঝপথেই দেশে ফিরবে? জো রুট জানালেন এমনটা এবার হচ্ছে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এ দুই টেস্ট খেলেই তারা দেশে ফিরবেন। আরেকটা কারণে ইংল্যান্ডের দেশে ফেরার প্রশ্ন উঠছে। গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ছিল ইংলিশরা। কিন্তু প্রোটিয়াদের কয়েকজন ক্রিকেটারের করোনাপজিটিভ

হওয়ায় ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন ইয়ন মরগ্যানরা। শ্রীলঙ্কায় এমনটা হবে না বলে জানান ইংলিশ টেস্ট অধিনায়ক, ‘আমার মনে হয় না কেউ পজিটিভ হলেই সিরিজ স্থগিত হয়ে যাবে। বিশ্বে এর বিপরীত উদাহরণ আছে। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে করোনাপজিটিভ আসার পরও খেলা হচ্ছে। আমাদের এখন পজিটিভ কেসের সঙ্গে লড়াই করেই এগিয়ে যেতে হবে।’ এ সিরিজে যেন কোনো ব্যাঘাত না ঘটে তাই প্রস্তুতি নিয়ে আসছে ইংল্যান্ড। দলে একজন সাইকোলজিস্ট থাকছেন। মহামারীর সময় কোয়ারেন্টাইনে বন্দি থেকেও ক্রিকেটারদের মানসিকভাবে ভালো রাখার দায়িত্ব তার। ইন্টারনেট।

টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় চার নম্বরে ইংল্যান্ড। এ বছর জুনে নিজ দেশে ফাইনাল খেলা থেকে বেশ দূরে তারা। তবুও নিজেদের সর্বোচ্চটা দিয়ে ফাইনালে যাওয়ার চেষ্টা করবেন বলে জানান রুট, ‘আমরা জানি ফাইনালে খেলার জন্য আমরা সেরা অবস্থানে নেই। কিন্তু আমাদের শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা আছে। দলের সবাই নিজেদের সেরাটা দিয়ে সেই চেষ্টা করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত