কোষাধ্যক্ষ ছাড়াই চলছে ইবি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০১:৩৬ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ২১ আগস্ট। চার মাস পেরুলেও গুরুত্বপূর্ণ এ পদটি এখনো শূন্য। কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। এদিকে কোষাধ্যক্ষ না থাকায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও নানা উন্নয়নমূলক কাজে নেমে এসেছে স্থবিরতা।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয়ে ১০টি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলমান। ৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে। চার মাস কোষাধ্যক্ষ না থাকায় ঠিকাদাররা বিল পাচ্ছেন না। ফলে প্রায় ৮০০ শ্রমিকের বেতন সময়মতো পরিশোধ করতে পারছেন না তারা। চলমান উন্নয়নমূলক কাজে নেমে এসেছে স্থবিরতা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ভবন সংস্কার কাজে ইতিমধ্যে ১০টি টেন্ডার হয়েছে। টেন্ডার মূল্যায়ন কমিটির প্রধানের (কোষাধ্যক্ষ) অনুমোদন ছাড়া এসব কাজ শুরু হয় না।

প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হলেন সব আর্থিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রধান। তিনি না থাকায় মেগা প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজ থমকে আছে।’

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘কোষাধ্যক্ষ পদ শূন্য থাকায় আর্থিক কিছু কিছু বিলে স্বাক্ষর ও অনুমোদন দিচ্ছেন উপাচার্য স্যার। কোষাধ্যক্ষ সব আর্থিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রধান হওয়ায় ক্যাম্পাসকে এগিয়ে নিতে জরুরি ভিত্তিতে এ পদে নিয়োগ দরকার।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেষ আব্দুস সালাম দেশ রূপান্তরকে বলেন, ‘কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি পদ। সরকার যখন চাইবে তখন পদটিতে নিয়োগ দেবে। এতে আমার কিছু করার নেই। তবে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরিভাবে গতিশীল করতে গুরুত্বপূর্ণ এই পদে পদায়ন জরুরি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত