দীর্ঘতম সমুদ্রসৈকত, সুন্দরবন, পাহাড়সহ বাংলাদেশে রয়েছে পর্যটনের সেরা উপাদান। দেশে ছড়িয়ে আছে ১৭০০ পর্যটন স্পট। তারপরও বাংলাদেশ পর্যটনের অন্যতম গন্তব্য হয়ে উঠতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এজন্য অবশ্য তিনি সমন্বয়হীনতাকে দায়ী করেছেন।
গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের রুফটপ রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সোনা উত্তোলন হয় আফ্রিকায়, অথচ দেশটির মানুষ না খেয়ে মারা যায়। আমাদের দেশের পর্যটনেও এমনই অবস্থা। আমাদের প্রতিটি জেলায় পর্যটক আকর্ষণ করার জন্য সবকিছুই আছে। আমাদের শুধু সমন্বয়ের অভাব। আমরা ব্র্যান্ডিং করতে পারিনি, তুলে ধরতে পারিনি। সবার অংশগ্রহণ আমরা যতক্ষণ নিশ্চিত করতে না পারছি, আমাদের পর্যটনশিল্প কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো খুব কঠিন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কভিড-১৯-এর কারণে কোনো দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের কোনো সিদ্ধান্ত আপাতত নেই। স্বাস্থ্যবিধি মেনে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।
