দুই যুগ জনপ্রিয়তা ধরে রেখে শেষ হলো অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার যুগ। স্মার্টফোনের যুগে নিজেকে খাপ খাওয়াতে না পেরে চিরতরে বিদায় নিতে যাচ্ছে অ্যাপ্লিকেশনটি। ১২ জানুয়ারি থেকে এটি কাজ করা বন্ধ করে দেবে। অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ছিল ব্রাউজারগুলোর জন্য একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন, যা ইন্টারনেটে থাকার সময় মিডিয়া সামগ্রীর প্লেব্যাক সরবরাহ করত। সাধারণত অ্যানিমেশন, ভিডিও এবং গেমে ফ্ল্যাশ ব্যবহার করত এটি। গ্রাফিকস, মাল্টিমিডিয়া ও ওয়েব ডেভেলপার কোম্পানি ম্যাক্রোমিডিয়া ১৯৯৬ সালে প্লাগ ইনটি বানিয়েছিল। তবে আরেক মার্কিন মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি এই অ্যাপ্লিকেশন উন্নত করে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। ২০০৫ সালে ম্যাক্রোমিডিয়ার মালিকানা চলে গিয়েছিল অ্যাডোবির কাছে। নানা ধরনের নিরাপত্তা সমস্যা মোকাবিলা করতে হচ্ছিল অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ারকে, সেই সঙ্গে স্মার্টফোন যুগে মানিয়ে চলতে পারছিল না। ফলে প্লাগইনটির নিরাপত্তায় আর কোনো আপডেট আনছে না অ্যাডোবি এবং ইউজারদের পরামর্শ দিয়েছে, এটি আনইনস্টল করে দিতে। এটি ভিডিও ও অ্যানিমেশনে আর কোনো কাজ করবে না।
ফ্ল্যাশ প্লেয়ারটি ছিল অ্যানিমেশন থেকে বেশি কিছু। এটি ওয়েবসাইটগুলোকে (যেমন ইউটিউব) উচ্চমানের ভিডিও স্ট্রিমিংয়ে সহায়তা করত। ২০০৯ সালে বিশ্বজুড়ে ইন্টারনেট সংযুক্ত ডেস্কটপের ৯৯ শতাংশেই অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করা হয়েছিল। কিন্তু বিশ্ব এখন মোবাইল ডিভাইসের দিকে ঝুঁকে যাওয়ায় প্লাগ ইনটি আগের চেয়ে ধীরগতির হয়ে পড়ে।
