রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালুর দাবি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০২:০৮ এএম

রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালুসহ তিন দফা দাবি জানিয়েছে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্যে পরিষদের যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান বলেন, ‘করোনা মহামারী সৃষ্ট পরিস্থিতিতে পরিবেশসম্মত পণ্য ব্যবহারের গুরুত্ব বেড়েছে। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে প্লাস্টিক পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। তার আলোকে পরিবেশ বিপর্যয় কমাতে উন্নত দেশগুলোতে ২০২২ সাল থেকে পাট ও তুলা জাতীয় পণ্যের ব্যবহার কয়েকগুণ বেড়ে যাবে। যার ফলে বিশ্বব্যাপী পাটজাত পণ্যের বিপুল চাহিদার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সারা পৃথিবীতে পাটপণ্যের চাহিদা থাকলেও বাংলাদেশ এবং ভারত পাট ও পাটজাত পণ্য উৎপাদনকারী প্রধানতম দুটি দেশ। এই সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশকে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। কিন্তু এ সময় সরকার রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিল। পাটশিল্প নিয়ে পূর্বাপর ভাবনাচিন্তা, গবেষণা, সার্ভে না করে সরকার সমর্থক কিছু ট্রেড ইউনিয়ন নেতার আচরণে ক্ষুব্ধ হয়ে ও আমলাদের পরামর্শে আকস্মিকভাবে পাটকল বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘এখন ব্যক্তিমালিকানাধীন পাটকল বাংলাদেশের একমাত্র পাটকল। এখন ১৬ হাজার তাঁতের মধ্যে চালু ৪ হাজার ৮১২টি। এর উৎপাদন ক্ষমতা ৩ লাখ ১৯ হাজার ৬১১ মেট্রিক টন। অথচ তথ্য বলছে, ২০১৯-২০২০ অর্থবছরে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে (বিজেএমও ও বিজেএমসি কর্র্তৃক) সাড়ে তিন লাখ মেট্রিক টন। অর্থাৎ দেশের চাহিদা ও রপ্তানি মিলিয়ে এখনকারই চাহিদা পাঁচ লাখ মেট্রিক টন। তাই দেখা যায় অভ্যন্তরীণ চাহিদার জন্য দরকার অন্তত দেড় লাখ মেট্রিক টন পাটপণ্য।’

সংবাদ সম্মেলনে পাটকল চালুর জন্য দুটি প্রস্তাব দিয়েছে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। এ প্রস্তাবগুলো হচ্ছে- চীন সরকারের দেওয়া প্রস্তাবিত এমওইউ’র ভিত্তিতে পাটকল আধুনিকায়ন ও চালু করা এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রস্তাবিত ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালু করা। যার মধ্য দিয়ে ৭৫ হাজার শ্রমিকের চাকরি নিশ্চিত হবে।

সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলা হয়- অবিলম্বে আধুনিকায়ন করে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করুন; ২০১৮ সালে অধিগ্রহণ করা ৬টি পাটকল ও ৭টি বস্ত্রকল আধুনিকায়ন করে চালু করুন এবং রাষ্ট্রায়ত্ত খাতের পাটকল শ্রমিকদের ও অধিগ্রহণকৃত পাটকল ও সুতাকল শ্রমিকদের পাওনাদি একসঙ্গে পরিশোধ করুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক সহিদুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আসলাম খান এবং বিভিন্ন পাটকলের শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত