ঢাকাসহ দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় এক র্যাব সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকার সাভারে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদরে অটোরিকশার চাপায় এক য্বুক নিহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকু-ে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন ও কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক র্যাব সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে:
ঢাকা : সাভারের ধামরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় গাড়িসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় কামরুল হাসান (৩০) নামে এক য্বুক নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কামরুল উপজেলার পশ্চিম পাইকপাড়া এলাকার এনামুল হাসানের ছেলে। স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে মোটরসাইকেলে করে কসবার গোপীনাথপুরে যাচ্ছিলেন কামরুল ও তার বন্ধু জুয়েল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুরে অটোরিকশার চাপায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কামরুলকে মৃত ঘোষণা করেন। স্থানীয় খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম : সীতাকুন্ডে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে ভাটিয়ারীর বিএমএ গেট এলাকার পেট্রলপাম্পসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজারের রামু থানার মো. আরাফাত (১৮) ও একই এলাকার মো. সুরত আলম (১৯)। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নূরনবী জানান, মোটরসাইকেলে করে কুমিল্লা বেড়াতে গিয়েছিলেন ওই দুজন। ফিরতি পথে ভাটিয়ারীর বিএমএ গেট এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। শেষ রাতের দিকে পরিবারের লোকজনের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা : দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল সকাল ও দুপুরে উপজেলার চিৎলা ও সদাবরী গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলো উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের আলিফ (৭) ও একই উপজেলার ধান্যঘরা গ্রামের হাকিম ফরাজী (৪০)। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দোকানে পাউরুটি কিনতে গিয়ে ইজিবাইক চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আলিফের। অন্যদিকে একই দিন দুপুরে সদাবরী-দুর্গাপুর সড়কে ইটভর্তি ট্রলিচাপায় সাইকেল আরোহী ভাটার শ্রমিক হাকিম ফরাজীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।
কক্সবাজার : উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী র্যাব-১৫-এর সদস্য ল্যান্সনায়েক তরিকুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। গতকাল সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালীতে এ দুর্ঘটনা ঘটে। তরিকুল ফেনীর কাজী নুরুল আমিনের ছেলে। শাহপুরী হাইওয়ে থানার ওসি মারুফ আহমেদ জানান, সকাল ১০টার দিকে কক্সবাজার থেকে টেকনাফমুখী ট্রাকের সঙ্গে কুতুপালংগামী এক মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত হন র্যাবের আরও এক সদস্য। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
