রাবেয়া খাতুনের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি : তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০২:২০ এএম

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের চলে যাওয়া পুরো বাংলা সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘রাবেয়া খাতুন শুধু নিজে লেখিকা হিসেবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তা নয়, তিনি তার পুরো পরিবারকে একটি সংস্কৃতিমনা পরিবার হিসেবে গড়ে তুলেছেন।’ গতকাল সোমবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে সদ্যপ্রয়াত রাবেয়া খাতুনের কফিনে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলা সাহিত্যে রাবেয়া খাতুনের মতো নারী লেখিকা খুব বেশি নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাবেয়া খাতুন বাংলাদেশের এমন একজন লেখিকা যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ৫০টির বেশি উপন্যাস, চারশ ছোটগল্প তিনি রচনা করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যে সময় সাহিত্যচর্চা শুরু করেছিলেন, তখন একজন নারীর পক্ষে সাহিত্যচর্চা এত সহজ কাজ ছিল না। সেই সময় সাহিত্যচর্চা শুরু করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন।’

তিনি আরও বলেন, ‘ফরিদুর রেজা সাগর তারই সন্তান, যিনি শুধুমাত্র টেলিভিশন পরিচালনা নয়, চ্যানেল আইয়ের মাধ্যমে আমাদের সংস্কৃতি অঙ্গনে বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতিকে ধারণ ও লালন করছেন।’ কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের অন্যান্য সন্তান-সন্ততি ও পরিবারের সবাই আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন উল্লেখ করে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত