বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ১০ জানুয়ারি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০২:২১ এএম

মুজিববর্ষ উপলক্ষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। ফুল ও হাফ দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে এসে শেষ হবে ম্যারাথনটি। অনুষ্ঠিত ম্যারাথনে নিñিদ্র নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা হয়। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন প্রভোস্ট মার্শাল ব্রিগেডিয়ার জেনারেল আবু নাসের মো. ইলিয়াছ।

সমন্বয় সভা সূত্রে জানা যায়, আর্মি স্টেডিয়াম থেকে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটর ফুল ও ২১ দশমিক ৯৭ কিলোমিটর হাফ ম্যারাথন শুরু হয়ে হাতিরঝিলে এসে শেষ হবে। রুট হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২- গুলশান ১- পুলিশ প্লাজা- হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে)। ফুল ম্যারাথনে অংশ নেবেন ১০০ জন; যা শুরু হবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায়, ১০০ জনের অংশগ্রহণে হাফ ম্যারাথন শুরু হবে একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে। অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে দৌড়ে অংশ নিতে হবে বলে সভা থেকে জানা যায়।

সভা সূত্রে আরও জানা যায়, ফুল ম্যারাথনে ৩১ এবং হাফ ম্যারাথনে ৬ জন বিদেশি অ্যাথলেট অংশ নেবেন। ম্যারাথন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে, ম্যারাথন রুটে পিকেট ব্যবস্থা, ফুট প্যাট্রল, ব্যারিকেড চেকপোস্ট ব্যবস্থা, রুফটপ ডিউটি, মোবাইল প্যাট্রলিং এবং স্টিল ও ভিডিও ক্যামেরা মোতায়েন। রুটে কোনো ভাসমান দোকান বসতে দেওয়া হবে না। থাকবে বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে ম্যারাথন রুটে সুইপিং ব্যবস্থা এবং মোতায়েন থাকবে মেডিকেল টিম, ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স।

প্রভোস্ট আবু নাসের মো. ইলিয়াছ বলেন, করোনা পরিস্থিতিতে মুজিববর্ষে অনেক ইভেন্ট থাকলেও আয়োজন করা সম্ভব হয়নি। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে এই ম্যারাথন ইভেন্টের আয়োজন করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, জনসাধারণের ভোগান্তি যাতে না হয় এমন ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করবে ডিএমপির ট্রাফিক বিভাগ। তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ম্যারাথনে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি থাকবে না। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত