দেশেই হবে হুন্দাই গাড়ি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১২:২৭ এএম

দেশেই তৈরি হবে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই মোটরসের গাড়ি। এজন্য গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৬ একর জমি বরাদ্দ পেতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশে হুন্দাই মোটরসের পরিবেশক ফেয়ার টেকনোলজি।

ঢাকার হোটেল ওয়েস্টিনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও ফেয়ার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব চুক্তিতে সই করেন।

প্রাথমিকভাবে এই কারখানায় হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের জনপ্রিয় সেডান, এসইউভি এবং এমপিভি মডেলগুলো সংযোজন এবং পরে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আগামী বছর জুনের মধ্যেই বাংলাদেশে সংযোজিত হুন্দাই গাড়ি বাজারজাত করা সম্ভব হবে বলে আশা করছে ফেয়ার টেকনোলজি।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হুন্দাইয়ের কারখানা স্থাপনের বিষয়টিকে বাংলাদেশের জন্য একটি ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত গাড়ি নির্মাণ শুরু হলে বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা বাড়বে। এই কারখানা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও বিশ্বাস করি।

১০ কোটি টাকা বিনিয়োগে হুন্দাই মোটরসের গাগি তৈরির কারখানা শুরু হলেও আগামীতে এর পরিসর বাড়বে। ২০২৫ সালের পর বাংলাদেশে তৈরি হুন্দাই গাড়ি রপ্তানির ব্যাপারেও আশাবাদী প্রতিমন্ত্রী। ফেয়ার টেকনোলজির এমডি রুহুল আলম আল মাহবুব বলেন, হুন্দাইয়ের প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে আমরা নিশ্চিত করব যেন বিশ্বমানের গাড়ি দেশের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের মধ্যে উপভোগ করতে পারেন।

হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত গাড়ি হাইটেক পার্কে  তৈরি হলে তা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। সেই সঙ্গে যোগাযোগ ও প্রযুক্তি শিল্পে আরও এগিয়ে যাবে দেশ। চলতি বছর শেষে ট্রায়াল প্রোডাকশন এবং ২০২২ সালের মাঝামাঝি সময়ে দেশে তৈরি হুন্দাই গাড়ি বাজারে ছাড়ার আশা প্রকাশ করেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন।

বলেন, বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদেরকে সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে ফেয়ার টেকনোলজির নিজস্ব অর্থায়ন ও হুন্দাই মোটর কোম্পানির কারিগরি সহায়তায় গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৬ একর জমির ওপর গড়ে উঠবে হুন্দাই গাড়ি উৎপাদনকারী কারখানা। আগামীতে মোটর গাড়ির ইঞ্জিন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। শুরুতে থ্রি স্টেজ পেইন্টিং এবং টায়ার ও যন্ত্রপাতি স্থানীয় মার্কেট থেকে সংগ্রহ করা হবে। এ কারখানায় ৫০০ দক্ষ প্রকৌশলী নিয়ে কাজ শুরু করা হবে এবং আগামীতে এখানে আরও কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন। ফেয়ার টেকনোলজি লিমিটেড ফেয়ার গ্রুপের অটোমোবাইল ব্যবসার অঙ্গপ্রতিষ্ঠান। ফেয়ার গ্রুপ বাংলাদেশে স্যামসাং স্মার্টফোন এবং কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য উৎপাদন করছে। এছাড়া সারা দেশে নিজস্ব রিটেইল, এন্টারপ্রাইজ, বিক্রয়োত্তর সেবা ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ব্যবসা রয়েছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত