বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে নিলামের (বিডিং) অনুমোদন পেয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা সংগ্রহ করবে, যা দিয়ে সাবসিডিয়ারি কোম্পানি কর্ণফুলী পাওয়ার এবং বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ করবে। এছাড়া আইপিও অর্থে আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় হবে। বারাকা পতেঙ্গা হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান। বারাকা গ্রুপের কর্ণফুলী পাওয়ার এবং বারাকা শিকলবাহা পাওয়ার ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০১৮ সালে।
গত হিসাব বছরের আর্থিক বিবরণী অনুযায়ী বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২৩ টাকা। শেয়ারপ্রতি সমন্বিত আয় ৪ টাকা ৩৭ পয়সা। আর এককভাবে ইপিএস ১ টাকা ৮৪ পয়সা। সিলেটের ফেঞ্চুগঞ্জে ২০০৭ সালে ৫১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে বারাকা পাওয়ারের যাত্রা শুরু হয়। এসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিলামের সম্মতিপত্র ইস্যুর তারিখ থেকে কোম্পানি আগামী ৫ বছরের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। একই সঙ্গে তার সাবসিডিয়ারিতে থাকা (কর্ণফুলী পাওয়ার এবং বারাকা শিকলবাহা পাওয়ার) কোম্পানির দুটির ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার লংকাবাংলা ইনভেস্টমেন্ট।
