ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠে আসা চার দলের তিনটিরই কোচ বিদেশি। একমাত্র চট্টগ্রাম আবাহনী খেলছে দেশি কোচের অধীনে। তবে সেই মারুফুল হক অনেক বিদেশি কোচের চেয়ে শিক্ষা-দীক্ষায় এগিয়ে। উয়েফার এ লাইসেন্সধারী মারুফকে আজ অবশ্য বড় পরীক্ষাই দিতে হবে। প্রিমিয়ারের ১৩টি দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ কোচ সাইফ স্পোর্টিং ক্লাবের পল পুট। এই বেলজিয়ানের কৌশলকে আজ ভুল প্রমাণ করতে হবে মারুফকে। তবেই তিন বছর পর ফের চট্টগ্রাম আবাহনী উঠতে পারবে শিরোপা লড়াইয়ে।
পল পুটের সামনেও আজ সাইফকে ইতিহাসে তুলে দেওয়ার চ্যালেঞ্জ। দলটি প্রথমবারের মতো ফেডারেশন কাপের সেমিফাইনাল খেলছে। আজ জিতলে পাঁচ বছর বয়সী ক্লাবটির শো-কেসে প্রথম ট্রফি সাজানোর সুবর্ণ সুযোগ তৈরি হবে। তা ফাইনালে জিতলেও, না জিতলেও। সেমিফাইনাল ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বিকেল ৪টায়। টি-স্পোর্টসের পর্দায় সরাসরি দেখা যাবে ম্যাচটি।
কঠিন পথ পাড়ি দিয়ে সাইফ উঠে এসেছিল সেমিফাইনালে। একমাত্র তাদের গ্রুপেই ছিল চারটি দল। সেই গ্রুপের সেরা হয় সাইফ। তবে কোয়ার্টারে সাইফের বড় পরীক্ষা নিয়েছিল মোহামেডান। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট ২-২ সমতা থাকার পর ম্যাচটা টাইব্রেকারে গড়ায়। প্রথম পাঁচ শটেও থাকে সমতা। অবশেষে সাডেন ডেথে ৭-৬ ব্যবধানে মোহামেডানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সাইফ। চট্টগ্রাম আবাহনী গ্রুপে রহমতগঞ্জকে হারিয়েই কোয়ার্টার নিশ্চিত করে। পরের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরে তারা গ্রুপ রানার্স-আপ হয়। কোয়ার্টারে শেখ রাসেলের সঙ্গে সমানে-সমান ম্যাচে অবশ্য শেষ হাসি হাসে চট্টগ্রামের দলটি। অতিরিক্ত ৩০ মিনিটের দ্বিতীয়ার্ধে দু’টি গোল করে তারা ম্যাচটি টাইব্রেকারে নিতে দেয়নি।
৬৪ বছর বয়সী সাইফের কোচ পল পুট নিজের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সাইফকে তুখোড় রূপ দিতে চান মাঠে। আজকের ম্যাচটা তার কাছে কোনো বাড়তি চাপ নয়, ‘আমার দল (ঘানা) আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল খেলেছে ৭০ হাজার মানুষের সামনে। সুতরাং আমার কাছে চাপ বলতে কিছু নেই। আমি এখানে এসেছি নিজের সেরাটাই দিতে। আমি এখানে এসে একটা গ্রুপ পেয়েছি। যাদের আমি তৈরি করিনি। এ অবস্থায় কোচিং করা কঠিন। তারপরও আমি চেষ্টা করছি আমার অভিজ্ঞতা খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে। আমি তাদের কিছু শেখাতে চাইছি। দলটাকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছি। দেখা যাক কাল (আজ) কী হয়।’ দলটির বড় ভরসা হয়ে উঠছেন আগের চার ম্যাচে চার গোল করা নাইজেরিয়ান মার্কসম্যান ক্যানেথ ইকেচুকু। পল পুট অবশ্য আলাদা করে ক্যানেথের কথা বলতে নারাজ, ‘আমি একজন সুপারস্টার নিয়ে খেলতে চাই না। দলের সবাই আমার কাছে স্টার। দলের প্রত্যেকেই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
মারুফুল হকের কাছে তারুণ্য নির্ভর, তবে অভিজ্ঞ দল সাইফ। রক্ষণভাগে রয়েছেন জাতীয় দলের তিন ডিফেন্ডার। চার ম্যাচে ১১ গোলে দলটির আক্রমণভাগের গভীরতাও বোঝা গেছে। মারুফ তাই প্রতিপক্ষকে এগিয়ে রেখে ম্যাচ শুরুর কথা বলেছেন, ‘অন্য দলগুলোর সঙ্গে আমি সাইফকে তুলনা করব না। ওরা অল অরগানাইজড দল। ফেডারেশন কাপ ও লিগের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটা তারা নিয়েছে। রাউন্ড দ্য ইয়ার প্লেয়ারদের দেখভাল কীভাবে করতে হয় সেটা তাদের জানা আছে। আমি তাদের মোটেই তারুণ্য নির্ভর দল বলব না। তাদের ডিফেন্সে তিনজন জাতীয় দলের ডিফেন্ডার খেলছে। বয়স কম হলেও অভিজ্ঞতাসম্পন্ন দল। তাদের ফেভারিট মেনে, ভালো প্রতিপক্ষ মেনেই খেলা শুরু করব।’
কভিড-১৯ পজিটিভ হওয়ায় দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি। করোনামুক্ত হয়ে আজ তিনি খেলবেন। তবে চোটের কারণে ব্রাজিলিয়ান নিক্সন গুয়েলহার্মের খেলা নিশ্চিত নয়। যদিও এই দুই বিদেশিকে ছাড়াই তারা রাসেলকে হারিয়েছিল কোয়ার্টার ফাইনালে। দল বেশি গোল না পাওয়াটাও খুব একটা ভাবাচ্ছে না অভিজ্ঞ এই কোচকে, ‘জিততে হলে একটা গোলই প্রয়োজন। আমরা একটা গোল করার লক্ষ্য নিয়েই খেলব। এরপর বেশি গোল আসলে আসবে। কনভার্সন রেট নিয়ে আমরা চিন্তিত নই।’
