রোগীদের সাড়ে ৫ কোটি টাকা মওকুফ করলেন চিকিৎসক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০২:১৮ এএম

মানবতা আজও বেঁচে আছে আর তা করোনা মহামারীর এই সময়ে আরও একবার মনে করালেন আরকানসাসের চিকিৎসক ডা. ওমর আতিক। আরকানসাসের এই চিকিৎসক পরিচালিত একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র তাদের ২০০ রোগীর ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি সাড়ে ৫ কোটি টাকা মওকুফ করে দিয়েছে। আরকানসাসের বার্তা সংস্থা আরকানসাস ডেমোক্র্যাট গ্যাজেটের প্রতিবেদন অনুসারে, আরকানসাস ক্যানসার ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. ওমর আতিক তার রোগীদের এই সপ্তাহে চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে, তাদের চিকিৎসা খরচ মওকুফ করা হয়েছে।

ডা. আতিক বলেন, অসুস্থ হওয়াটা কঠিন, ক্যানসার হওয়া কঠিনতর এবং মহামারীর এই সময়ে ক্যানসার হচ্ছে ধ্বংসাত্মক। চলমান ছুটির মধ্যে ডা. আতিকের রোগীরা যে চিঠি পেয়েছেন তাতে লেখা রয়েছে আপনাদেরকে আরকানসাস ক্যানসার ক্লিনিক রোগী হিসেবে সেবাদানের সুযোগ পেয়ে গর্বিত। যদিও রোগীদের চিকিৎসা খরচের বেশিরভাগ অংশই বীমা সংস্থাগুলো পরিশোধ করে থাকে, কিন্তু বাকি অংশও অনেকের জন্য বোঝাসম হয়ে থাকতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে এভাবেই চিকিৎসাসেবা দিয়ে থাকে। রোগীদের দীর্ঘ ২৯ বছর ধরে সেবাদান করার পর আরকানসাস ক্লিনিক তাদের কার্যক্রমে ইতি টানতে যাচ্ছে। ক্লিনিকটি সিদ্ধান্ত নিয়েছে এটা তার রোগীদের বাকি থাকা সব  ফি মওকুফ করে দেবে। ছুটির দিনগুলো সবার শুভ হোক।

সূত্র জানিয়েছে, ১৯৯১ সালে ক্লিনিকটি তাদের যাত্রা শুরু করার পর এবারই প্রথম এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। ক্লিনিকটি জানিয়েছে, আসছে ফেব্রুয়ারিতে এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই।

ড. আতিক বলেন, আমি একজন সাধারণ চিকিৎসক। আমি একজন সাধারণ মানুষ, যিনি তাদের প্রতিবেশীও। আর এটাই আমাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। অনেকেই আছেন যারা ফি পরিশোধ করতে না পেরে হিমশিম খাচ্ছেন। তাই আমরা তাদের বাকি থাকা চিকিৎসা বিল মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত