জামালপুরের ইসলামপুর উপজেলায় গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
ইসলামপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, ইসলামপুরের চরগোয়ালিনি ইউনিয়নের হরিণধরা পয়স্থি গ্রামে গত সোমবার সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার সময় কর্ক একটি শজনেগাছের ডালে আটকে যাওয়ায় স্থানীয় নুর ইসলাম ম-লের বাড়ির সীমানায় থাকা ওই গাছের ডালটি ভেঙে ফেলে আমিন মোল্লার ছেলে দশম শ্রেণির ছাত্র রুবেল। ওই দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ফলে গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে বাগ্বিত্বার একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পেছন থেকে ফলা দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় রুবেল। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নুর ইসলামের দুই ছেলে এমদাদুল ও বাবলাকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে হত্যা মামলার প্রক্রিয়া চলছে। নিহত রুবেল ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
