চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদ এ রায় দেন। দন্ডিত ৪১ বছর বয়সী ওই ব্যক্তি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি খন্দকার আরিফুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সাজা দিয়েছে আদালত। এ ছাড়া আইনের ৯ (৪) (খ) ধারায় ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও পাঁচ বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুটি সাজা একসঙ্গে চলবে বলে রায় দেয় আদালত। ঘটনার পর থেকেই দন্ডিত ওই ব্যক্তি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ইসলামাবাদ এলাকায় নিজ বাড়িতে ২০১৯ সালের ১৬ জুন বিকেল সাড়ে ৩টায় নিজের মেয়েকে (১২) ধর্ষণ করেন বাবা। সে সময় শিশুটির মা ও বোন কেউ বাড়িতে ছিলেন না। এরপর একই বছরের ১ জুলাই ভোর সাড়ে ৪টায় আবার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে তার বাবা। এ সময় শিশুটির মা তা জানতে পারেন। তখন শিশুটি তার আগের ঘটনা মাকে জানায়। ঘটনার একদিন পর শিশুটির মা ভূজপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে শিশুটির বাবাকে গ্রেপ্তার করে। ২০১৯ সালের অক্টোবরে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
