রাজধানীর ভাসানটেকের মাটিকাটা এলাকায় রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে রাজউকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মাটিকাটা থেকে ভাসানটেক পর্যন্ত আসার সময় দেখা যায়, মাটিকাটায় একশ ফুট রাস্তা ভাসানটেকে ১০২ ফুট প্রশস্ত রাস্তা। কিন্তু তার মাঝখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে রাস্তা ২০ ফুট থাকার কথা। রাজউকের নকশা অনুযায়ী এই রাস্তাটি ২০ ফুট হওয়ার কথা। কিন্তু এ রাস্তাটির দুইপাশের ভবন মালিকগণ কয়েক ফুট রাস্তা দখল করে ভবন তৈরি করেছে। এ মুহূর্তে এখানে রাস্তা আছে মাত্র ৮ থেকে ৯ ফুট। এর ফলে এই সামান্য রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়। এইটুকু রাস্তা পার হতে দীর্ঘ সময় লেগে যায়। আমার কাছে এই এলাকার জনগণ এবং জনপ্রতিনিধিরা এসে অনুরোধ করেছে রাস্তা বড় করার জন্য। তাই আমরা আজ এখানে এসেছি। এই রাস্তা যদি চওড়া হয়, মানুষ তার উপকার ভোগ করবে।’
দখলদারদের হুঁশিয়ার করে মেয়র আরও বলেন, ‘যারা এভাবে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছে, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনারা নিজ উদ্যোগে সরে যান। অন্যথায় এভাবে উচ্ছেদ করা হবে। রাজউকের নকশার বাইরে কোনো প্রকার দখল টিকিয়ে রাখা হবে না। খালের দুই পাশ থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন, সেগুলোকেও উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে, তা কোনোভাবে বরদাস্ত করা হবে না।’
