ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত তিন শতাধিক শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ফুলবাড়িয়ার নগর ভবনে এ ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ বলছে, এ সমস্যা সমাধানে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
শ্রমিকরা জানান, নিয়োগপত্র পেয়ে গত বছরের জুন মাস থেকে দৈনিক মজুরি ভিত্তিতে ডিএসসিসিতে কর্মরত আছেন তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্য তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করে ডিএসসিসি। নিয়োগের পাঁচ মাস পর তাদেরকে ওয়ার্ড থেকে প্রত্যাহার করে সচিব দপ্তরে সংযুক্ত করা হয়। সে থেকে নিয়মিত হাজিরা নেওয়া হলেও বেতন দেওয়া হচ্ছে না।
তাদের দাবি, সচিব দপ্তরে তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্ব পালন করলেও গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন এখনো পাননি। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে তারা বিপদে রয়েছেন।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘আমাদের বিভিন্ন স্থানে কর্মী বেশি ছিল। সেটা সমন্বয় করা হয়েছে। এই সমস্যা সমাধান করতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।’
