বগুড়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা রুখে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। এ সময় ডাকাতদলের হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গাবতলী উপজেলার রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাসুদ রানা ও হাবিবুর রহমান। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আনসার সদস্য, পুলিশ সদস্য ও স্থানীয়রা জানান গত সোমবার ব্যাংকের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। রাতে ভেতরে অবস্থান করছিলেন মাসুদ ও হাবিবুর। গতকাল ভোরে মুখোশধারীরা প্রথমে ছাদের সিঁড়ি ঘরের তালা কেটে ভবনে ঢোকে। পরে কলাপসিবল গেটের তালা কেটে ব্যাংকে আসে। এ সময় প্রতিরোধ করলে ডাকাতরা মাসুদকে ছুরিকাঘাত ও হাবিবুরের শরীরে এসিড নিক্ষেপ করে। ধস্তাধস্তির একপর্যায়ে আনসার সদস্যরা ডাকাতদলের এক সদস্যকে ছুরিকাঘাত করে এবং চিৎকার করতে থাকেন। স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা ছাদের সিঁড়িঘর দিয়ে পালিয়ে যায়।
রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন বলেন, ‘আনসার সদস্যদের কারণে ভল্ট ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ডাকাতরা ফিরে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।’
গাবতলী মডেল থানার ওসি নুরুজ্জামান জানান, সিসিটিভির ফুটেজে দুই মুখোশধারীকে দেখা গেছে। শনাক্ত করে তাদের আটকের চেষ্টা চলছে।
