সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ টি-টেনে দল পেয়েছেন বাংলাদেশের মোট ৬ ক্রিকেটার। তবে তাদের সবার যে এই লিগে খেলা হবে না সেটা নিশ্চিত ছিল আগে থেকেই। কারণ ২৮ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি চলবে এই লিগ। তখন বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের জন্য এরই মধ্যে ওয়ানডে ও টেস্টের প্রাথমিক দলও ঘোষণা হয়ে গেছে। সেই দলে সুযোগ না পাওয়া মুক্তার আলি টি-টেনে খেলার ছাড়পত্র পেয়েছেন বলে খবর। তাকে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স।
মুক্তার ছাড়াও টি-টেন লিগে দল পাওয়া অন্য পাঁচ ক্রিকেটার হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান ও নাসির হোসেন।
মুক্তারের মতো মারাঠা অ্যারাবিয়ান্স নিয়েছে মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক দলে আছেন দুজনই। তাই তাদের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা কম। বাংলা টাইগার্স নিয়েছে আফিফ হোসেন ও মেহেদী হাসানকে। তারাও আছেন ক্যারিবীয়দের বিপক্ষে প্রাথমিক দলে।
পুনে ডেভিলসে সুযোগ পাওয়া নাসির হোসেন বিসিবির ছাড়পত্র পেতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ দিন ধরেই ঘরোয়া ক্রিকেটের বাইরে থাকা এই ক্রিকেটার বলেন, ‘আমি এখন পুরোপুরি ফিট। টি-টেনে খেলার জন্য আবেদন করব বিসিবিতে।’
