ডমিনেজ স্টিলের দরপতন খতিয়ে দেখতে তদন্ত কমিটি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১২:০৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ারের দরপতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার দুই সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

১০ টাকা অভিহিত মূল্যে তালিকাভুক্ত ডমিনেজ স্টিলের শেয়ারের লেনদেন শুরু হয় গত ২ ডিসেম্বর। লেনদেন শুরু হওয়ার আট কার্যদিবসে শেয়ারটির দর ৪৩ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। তবে এরপর থেকেই শেয়ারটির দর ধারাবাহিকভাবে কমে গিয়ে গতকাল ৩১ টাকা ১০ পয়সায় নামে। এটি শেয়ারটির সর্বোচ্চ দরের চেয়ে ২৮ শতাংশ কম। পুঁজিবাজারের চাঙ্গা অবস্থায় ডমিনেজের শেয়ার দরের এমন নিম্নমুখী ধারার পরিপ্রেক্ষিতে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসইসি তদন্ত কমিটি গঠন করল।

সাম্প্রতিক সময়ে আইপিও শেয়ারের ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পরবর্তী কার্যদিবসগুলোর দর অস্বাভাবিক হারে বাড়তে দেখা গেছে। ডমিনেজ স্টিলেরও শেয়ারও একই ধারায় বাড়তে শুরু করে। ১০ টাকা অভিহিত মূল্যে আসা দেশের টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটার লেনদেন শুরুর পরও প্রথম ৯ কার্যদিবসে সর্বোচ্চ দর বাড়তে দেখা গেছে। সেকেন্ডারি বাজারে কোম্পানিটির শেয়ার কিনতে চেয়েও অনেকেই পাচ্ছেন না। গতকালও শেয়ারটির সর্বোচ্চ দর বেড়ে ৪৩ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়েছে। তৃতীয় প্রান্তিক পর্যন্ত রবির শেয়ারপ্রতি আয় হচ্ছে মাত্র ২৫ পয়সা। আইপিওতে কোম্পানিটি ৫২ কোটি শেয়ার ছেড়েছে। সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ারও একই হারে বাড়তে দেখা গেছে। অভিহিত মূল্যে আসা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর সর্বোচ্চ ৭১ টাকা ২০ পয়সায় উঠলেও পরে তা কমে ৪৯ টাকা ১০ পয়সায় নামে। একইভাবে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ ৫৭ টাকা ৫০ পয়সায় উঠলেও গতকাল তা ৫১ টাকা ৭০ পয়সায় নেমেছে।

ডমিনেজ স্টিল ব্যবসা সম্প্রসারণের জন্য পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে। কোম্পানিটির পর্ষদ লেনদেন শুরু করার আগেই ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। চলতি প্রথম প্রান্তিকে কোম্পানির আয়ও আগের বছরের তুলনায় বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত